দাবার বোর্ডে চোখের জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান প্রিমিয়ার লিগে দাবার বোর্ডে মগ্ন ইকরামুল হক সিয়াম l প্রথম আলো
চলমান প্রিমিয়ার লিগে দাবার বোর্ডে মগ্ন ইকরামুল হক সিয়াম l প্রথম আলো

বন জোভির ‘ইটস মাই লাইফ’ গানটি সময় পেলেই শোনেন। গানের ওই তরুণের সঙ্গে কোথায় যেন নিজের মিল খুঁজে পান ইকরামুল হক সিয়াম। সারাক্ষণ যে শুধুই ছুটে চলা!
সাব-জুনিয়র দাবায় তিনবারের চ্যাম্পিয়ন সিয়াম এবার প্রথম সুযোগ পেয়েছেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার। চলমান প্রিমিয়ার লিগে খেলছেন তিতাস ক্লাবের হয়ে। দাবা তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু মোটেও মনোযোগ দিয়ে অনুশীলন করতে পারেন না।
একটি ঘটনাই বদলে দিয়েছে সিয়ামের পৃথিবী। তাঁর জীবনটাই এখন ধূসর। ঘটনাটা ২০১৩ সালের। ওই বছর কিশোর সিয়ামের মা নাসিমা আক্তার বাড়ির ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। যে মা তাঁকে যাত্রাবাড়ী থেকে নিয়মিত পল্টনের দাবা ফেডারেশনে হাত ধরে নিয়ে আসতেন প্রতিদিন, সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন সিয়াম। মায়ের মৃত্যুর মাস তিনেক পরই বাবা আবার বিয়ে করেন। ছোট ভাই সামিকে নিয়ে এর পর থেকেই শুরু সিয়ামের জীবনযুদ্ধ। প্রতিনিয়ত দাবার বোর্ডে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেন, লড়তে হচ্ছে সমাজ-বাস্তবতার সঙ্গেও।
মায়ের মৃত্যুর পরই বাবা পড়াশোনার খরচ বন্ধ করে দেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পারিবারিক ঝামেলায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করতে পারেন না বলে বন্ধ হয়ে গেছে ওই বৃত্তি। সেমিস্টার ফি নিজেই জোগাড় করেন টিউশনি করে। বিশ্ববিদ্যালয়ের ফি জোগাড় করতে পারেননি বলে সেমিস্টারে ছেদ পড়েছে। নিজের পড়াশোনার খরচ নিজেই চালাচ্ছেন, আবার ছোট ভাইয়ের পড়ার খরচও জোগাতে হচ্ছে তাঁকে। উপার্জনের জন্য টিউশনি করছেন, দাবা খেলে কিছু টাকা আসে। কিন্তু গত বছর নৌবাহিনী দাবা দলে নাম লেখালেও কোনো পারিশ্রমিক মেলেনি। এবারও তিতাসে খেলে কী হবে জানেন না।
গত বছর তুরস্কে যুব দাবা ফেস্টিভ্যালে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সিয়াম। খেলেছেন দুবাই, ফিলিপাইন, গ্রিস ও ভারতে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে। সিয়ামের বর্তমান রেটিং ২২০২। অথচ তাঁর চেয়ে বয়সে ছোট ফাহাদ রহমান বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে ফিদে মাস্টার হয়ে গেছেন। কিন্তু এখনো ফিদে মাস্টার হওয়ার অপেক্ষাই ফুরোয়নি সিয়ামের।
মা বেঁচে থাকলে হয়তো অনেক দূরে যেতে পারতেন। কান্নায় সিয়ামের কণ্ঠ ধরে আসে, ‘মা মারা যাওয়ার পর থেকেই ক্যারিয়ারের খারাপ অবস্থার শুরু। কষ্টেরও শুরু। মায়ের স্বপ্ন ছিল আমাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখবেন। কিন্তু পারিবারিক এত সমস্যা আর ঝামেলায় খেলতেই পারছি না ঠিকমতো।’
বাংলাদেশে কোনো গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট নেই। পৃষ্ঠপোষকতার অভাবে দেশের বাইরেও খেলতে পারছেন না। ১১ রাউন্ডের যেকোনো একটি জিএম টুর্নামেন্টে ৬ পয়েন্ট পেলেই সরাসরি আন্তর্জাতিক মাস্টার হতে পারবেন সিয়াম। সেই সুযোগ আদৌ পাবেন কি না জানেন না, ‘দেশের বাইরে গিয়ে ফিলিপাইন, সিরিয়ার আইএমদের (আন্তর্জাতিক মাস্টার) সঙ্গে জিতেছি, ড্র করেছি। দেশে গ্র্যান্ডমাস্টার নিয়াজ ভাই, রাকিব ভাইয়ের সঙ্গেও ড্র করেছি। এমন সুযোগ পেতে হলে বাইরে নিয়মিত খেলতে হবে।’
যে বয়সে বন্ধুদের সঙ্গে হল্লা করে সময় কাটানোর কথা, মনের আনন্দে দাবা খেলার কথা, সেই বয়সেই সিয়াম জীবনের কঠিন দিকটা দেখে ফেলেছেন।
এখনো গভীর রাতে আকাশের দিকে চেয়ে মাকে খোঁজেন সিয়াম, ‘মা বেঁচে থাকতে কোনো কিছুর চিন্তা ছিল না। মা নিজের হাতে খাইয়ে দিতেন। যেদিন মা মারা যান সেদিনও সকালের নাশতাটা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। তখন শুধু খেলতাম আর পড়াশোনা করতাম।’ সিয়ামের কণ্ঠে দীর্ঘশ্বাস, ‘এখন নিজের উপার্জনে চলতে হয়।’
মাঝেমধ্যে ছোট ভাই আবদার করে মোবাইল ফোন কিনে দিতে হবে। এই আবদার চাইলে রাখতেই পারেন সিয়াম। কিন্তু মাকে এনে দেওয়ার আবদার মেটানোর সাধ্য যে তাঁর নেই! কান্নায় মুখ লুকিয়ে আবার শক্ত হয়ে যান সিয়াম, ‘বিশেষ দিনগুলোতে সহ্য করতে পারি না। চোখে পানি চলে আসে। ছোট ভাইকে বোঝাই। ও খাবার খাচ্ছে কি না, স্কুলে যাচ্ছে কি না সব লক্ষ রাখি। ওকে বলি শোককে শক্তিতে পরিণত করতে। এভাবে কান্নাকাটি করলে তো জীবনে এগোনো যাবে না।’
ছোট ভাইকে সান্ত্বনা দেন, নাকি নিজেই এগিয়ে যাওয়ার প্রেরণা খোঁজেন সিয়াম?