দাবার বোর্ডে পাঁচ জীবনযোদ্ধা

বন্ধুরা যখন ক্রিকেট খেলতেন, জানালার শিক ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন মোহাম্মদ আলামিন। সাড়ে তিন বছর বয়সে টাইফয়েড জ্বরে চোখের আলো হারিয়েছেন। সেই থেকে পৃথিবীর সব আলো, সব আনন্দই হারিয়ে ফেলেন এই কিশোর। চট্টগ্রামের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রের জীবনে আবারও একটু আনন্দ ফিরিয়ে এনেছে দাবার সাদা-কালো বোর্ডটা।
শুধু আলামিনই নন, দাবার বোর্ডে আনন্দ খুঁজে নিয়েছেন সুরত আলম, আবিদুর রহমান, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ আজাদ। কোনো প্রতিবন্ধীদের টুর্নামেন্টে নয়, দৃষ্টিপ্রতিবন্ধী এই পাঁচ দাবাড়ু এবার খেলছেন মূল ধারার প্রতিযোগিতায়। ফেডারেশনে গত পরশু শুরু হওয়া জাতীয় জুনিয়র দাবায় ওঁরা খেলছেন ব্রেইল পদ্ধতিতে। খেলছেন বিশেষভাবে তৈরি কাঠের বোর্ডে, ঘুঁটিগুলোর ওপর দেওয়া বিভিন্ন দাগ স্পর্শ করে।
ওঁদের দাবা শিখিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে দাবা খেলার সুযোগটা করে দিয়েছেন দাবাড়ু আবু ফয়েজ মোহাম্মদ নাঈম। ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ বলতে যা বোঝায়, নাঈমের বেলায় ব্যাপারটা তেমনই। নিজের উন্নতির চেয়ে অন্যদের, বিশেষ করে সুবিধাবঞ্চিতদের দাবা শেখানোতেই তাঁর যত আগ্রহ।
বছর তিনেক আগে নাঈম চট্টগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দাবা ক্লাব তৈরি করেন। ‘দ্য ব্লাইন্ড কিং অব চিটাগং’ ক্লাবের এই পাঁচ কিশোরকে এবার সাধারণ দাবাড়ুদের সঙ্গে খেলানোর চ্যালেঞ্জ নিয়ে এসেছেন ঢাকায়। ওঁরা খেলছেন এবারের জাতীয় জুনিয়র দাবায়।
আলামিনের বাবা ফুল মিয়া কুমিল্লা শহরের একজন দিনমজুর। অন্ধ ছেলেকে নিয়ে বাবা যখন দিশেহারা, তখনই খোঁজ পান চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী সরকারি স্কুলের। তাঁকে ভর্তি করেন অষ্টম শ্রেণিতে। কিন্তু স্কুলের হোস্টেলে মোটেও মন টিকত না আলামিনের। সারাক্ষণ চুপচাপ থাকতেন। হঠাৎ এক বড় ভাই তাঁকে দাবা খেলা শেখাতে এগিয়ে আসেন। এরপর থেকে দ্য ব্লাইন্ড কিং অব চিটাগংয়ের সভাপতি নাঈমের তত্ত্বাবধানে তাঁর নিয়মিত দাবাচর্চা।
জন্মান্ধ তুষারের গল্পটাও প্রায় একই। বাবা দাগনভূঞা বাজারে চা বিক্রি করেন। ছেলের চোখের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু চোখের আলো ফেরেনি তুষারের। চট্টগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলেরই এক বড় ভাই দাবা শেখান। এবারই প্রথম ঢাকায় খেলতে এসে দারুণ উচ্ছ্বসিত তুষার।
দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলে মাত্র ৬টি ব্রেইল পদ্ধতির দাবার বোর্ড। ৩০ জন দাবাড়ু তাই পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পান না। ওঁদের ভরসা এখন ফেডারেশন। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়মিত টুর্নামেন্ট হয় না বলে এঁদের খেলতে হয় সাধারণ দাবাড়ুদের সঙ্গেই। দৃষ্টিপ্রতিবন্ধী সুরত আলম গত বছর চট্টগ্রামের আন্তস্কুল সাব-জুনিয়র দাবায় তৃতীয় হয়েছেন। কিন্তু জাতীয় জুনিয়র দাবাটা তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ, ‘এখানে টাইমিং লিখতে সমস্যায় পড়ি। চাল দিতে গেলেও সমস্যা। অন্য দাবাড়ুরা সেসব বুঝতে চায় না। তবুও ওদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলি।’
জন্মান্ধ ছেলে আজাদকে নিয়ে চিন্তার শেষ ছিল না চট্টগ্রামের সিএনজি অটোরিকশাচালক হেলাল উদ্দিনের। সেই ছেলেই দাবা খেলে উজ্জ্বল করেছেন বাবার মুখ। আজাদের স্বপ্নটা অনেক বড়, ‘বাবাকে বলেছি, দেখো আমি একদিন গ্র্যান্ডমাস্টার হব।’
এই দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুরা সবাই প্রায় একই রকম স্বপ্ন দেখেন। নিজেদের শারীরিক বাধা পেরিয়ে তাঁরা কি আসলেই উজ্জ্বল হয়ে উঠতে পারবেন অর্জনের আলোয়?