দাবার বোর্ডে লড়াকু প্রতিবন্ধী
সপ্তাহ দুই আগে সাধারণ দাবাড়ুদের সঙ্গে দ্বিতীয় বিভাগে খেলেছেন দৃষ্টিপ্রতিবন্ধী চার দাবাড়ু—সুরত আলম, আবিদুর রহমান, রাহি চৌধুরী ও মোহাম্মদ তুষার। দি ব্লাইন্ড কিং অব চিটাগংয়ের দাবাড়ুরা ২৩ দলের মধ্যে হয়েছিল ১৩তম। এবার প্রথম বিভাগে বশির মেমোরিয়াল দাবা ক্লাবে খেলছেন একজন শ্রবণ প্রতিবন্ধী—ওবায়দুল ইসলাম (শাহীন)। গতকাল পর্যন্ত তিন রাউন্ড খেলে দুই ম্যাচে তিনি জিতেছেনও।
জন্মগতভাবেই কানে কম শোনেন ওবায়দুল। লেখাপড়াটা তাই বেশিদূর চালিয়ে যেতে পারেননি। রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরোয় এমএলএসএস (অফিস সহকারী) পদে চাকরি করেন। পাশাপাশি দাবা খেলেন নিয়মিত। বধিরদের টুর্নামেন্টে নিয়মিত খেললেও এবারই প্রথম সুস্থ-স্বাভাবিক দাবাড়ুদের সঙ্গে খেলছেন জাতীয় পর্যায়ে। জাতীয় বধির দাবায় তিনবারের চ্যাম্পিয়ন এর আগে কখনোই এই সুযোগ পাননি।
স্বাভাবিক খেলোয়াড়দের সঙ্গে প্রতিবন্ধী দাবাড়ুদের খেলতে কোনো বাধা নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক কাল জানালেন, ‘স্বাভাবিকদের সঙ্গে ওরাও খেলতে পারবে। শুধু অন্ধদের ক্ষেত্রে আমরা একজন সহযোগী খেলোয়াড় দিই। যিনি ব্রেইল পদ্ধতির বোর্ডের চালটা প্রচলিত বোর্ডে বসিয়ে দেন।’ আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিবন্ধীদের দাবা খেলার জন্য নির্দিষ্ট একটি জায়গা বরাদ্দ থাকে। তবে বাংলাদেশে সেটি নেই। জাতীয় বাছাই দাবায় খেলারও সুযোগ পান না শারীরিক প্রতিবন্ধী দাবাড়ুরা। যদিও ফেডারেশন কর্মকর্তারা দাবি করেন, প্রতিবন্ধীদের দাবা খেলায় যথেষ্টই উৎসাহ দিয়ে থাকেন তাঁরা।
বাংলাদেশে ক্লাবগুলোকেও তেমন একটা দেখা যায় না প্রতিবন্ধীদের খেলার সুযোগ করে দিতে। সেদিক দিয়ে বশির মেমোরিয়াল ক্লাব ব্যতিক্রম। যশোরের এই ক্লাবটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক বললেন, ‘এমনিতেই প্রতিবন্ধীরা সমাজে একটু অবহেলিত। মানসিকভাবেও অন্যদের চেয়ে পিছিয়ে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকেই তাই তাকে (ওবায়দুল) খেলার সুযোগ দিয়েছি। সে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবে।’
ওবায়দুলের রেটিং ১৯৯৬। স্বপ্ন দেখেন গ্র্যান্ডমাস্টার হওয়ার, ‘ভবিষ্যতে একজন সুপার গ্র্যান্ডমাস্টার হতে চাই আমি।’ বশির মেমোরিয়ালে খেলতে ভারত থেকে এসেছেন দুই দাবাড়ু শঙ্কর মজুমদার ও এম কে চন্দ্রশেখর। দুজনই ওবায়দুলের খেলার প্রশংসা করলেন, ‘লিগে ও বেশ ভালোই খেলছে। ওকে আরও বেশি বেশি খেলার সুযোগ দিতে হবে।’