দাবার বোর্ডে মাসুমের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুম
মাসুম

হুিমায়ূন আহমেদের ‘হিমু’ চরিত্রের সঙ্গে মাঝেমধ্যেই নিজের মিল খোঁজেন। তবে হলুদ পাঞ্জাবি কখনোই পরেননি। মোটা চশমাও চোখে নেই মাসুম হোসেনের। তাঁর ভাবনার জগতে শুধুই রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া। সাদা-কালো বোর্ডেই দিনমান মগ্ন মনটা। তাঁকে যে হতে হবে গ্র্যান্ডমাস্টার!
রেটিং ২১৩০। ফিদে মাস্টারও হননি। এই মাসুমই এবারের জাতীয় দাবায় ঘটিয়েছেন অঘটন। তৃতীয় রাউন্ডে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে, চতুর্থ রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার ও বর্তমান চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল রাকিবকে। এমন যে হতে পারে, আগে থেকেই জানতেন মাসুম, ‘লক্ষ্যই ছিল এবারের জাতীয় দাবায় ভালো করা। আমার কাছে এটা প্রত্যাশিতই মনে হয়েছে।’
কথাবার্তায় আত্মবিশ্বাসের ছাপ। দাবার বোর্ডেও ইদানীং সেই ছাপ রাখছেন ২৪ বছরের যুবক। নিয়াজ মোরশেদকে আগেও হারিয়েছেন, গত বাংলাদেশ গেমসে। তখন খেলেছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হয়ে। দলটিকে সর্বশেষ প্রথম বিভাগের চ্যাম্পিয়ন করতেও অবদান রেখেছেন। ফায়ার সার্ভিসের হয়ে খেললেও অগ্নিনির্বাপক প্রতিষ্ঠানটির স্থায়ী চাকরিজীবী নন, শুধু লিগে খেলে নামমাত্র টাকা পান।
ঢাকার যুবক মাসুমের দাবাড়ু হওয়ার ইচ্ছা কোনোকালেই ছিল না। স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। কিন্তু মাঠের অভাবে কোথাও ভালোভাবে খেলতে পারতেন না। আর ক্রিকেট না খেলতে পারলে খুব মন খারাপ হতো মাসুমের। একদিন তাঁর এক বন্ধু বললেন, ‘এসব বাদ দিয়ে চল ঘরে বসে দাবা খেলবি।’ ওই দিনই সেই বন্ধু ঘণ্টা খানেকের চেষ্টায় দাবায় ‘হাতেখড়ি’ করান মাসুমকে। এরপর ব্যাট-বলের চেয়ে দাবার ঘুঁটি তাঁকে বেশি টানতে লাগল। লাগল নেশা। ২০০৫ সালে স্কুল টুর্নামেন্টে হন চ্যাম্পিয়ন।
মাসুমের বাবা প্রাইভেট কোম্পানির গাড়িচালক। টানাটানির সংসারে পড়ালেখাটা চালিয়ে যেতে পারেননি। উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েও পরে কলেজে যাননি। বর্তমানে কম্পিউটার গ্রাফিকস ডিজাইনের দোকান দিয়েছেন। সেখানেই ইন্টারনেটে নিয়মিত দাবা খেলেন।
কোনো কোচ নেই। শুধু বই পড়ে আর ইন্টারনেটে চর্চা করে এত দূর আসা। রেটিং বাড়ানোর জন্য আরও নিয়মিত খেলা দরকার সেটা বোঝেন। আক্ষেপ করে বলছিলেন, ‘ফেডারেশনে তো নিয়মিত টুর্নামেন্টই হয় না।’ মাসুমের মধ্যে সম্ভাবনা দেখছেন নিয়াজ মোরশেদ, ‘মাসুম এমনিতেই ভালো খেলে। এই টুর্নামেন্টেও ভালোই করছে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
ভারতীয় লেখক শিব খেরার ইউ ক্যান উইন বইটা বেশ প্রিয় মাসুমের। গ্র্যান্ডমাস্টার হতে গেলে সব সময় যে জয়ের স্বপ্ন দেখতেই হয়!