দাবার বোর্ডের দু পাশে একই মুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দাবার বোর্ডে মুখোমুখি দুজন। কিন্তু দুজন দেখতে একই রকম! জাতীয় নারী দাবায় এমনই দৃশ্য দেখা গেল। আসলে খেলছে দুই যমজ বোন!

নিজের বোন হলে কী হবে, দাবা বোর্ডে বসলে যে কোনো ছাড় নেই তা বুঝিয়ে দিচ্ছে দুই যমজ (বাঁ থেকে) অনুরিমা ও অনুরিতার অভিব্যক্তি। ছবি: প্রথম আলো
নিজের বোন হলে কী হবে, দাবা বোর্ডে বসলে যে কোনো ছাড় নেই তা বুঝিয়ে দিচ্ছে দুই যমজ (বাঁ থেকে) অনুরিমা ও অনুরিতার অভিব্যক্তি। ছবি: প্রথম আলো

প্রতিযোগিতার কক্ষে নিঃশব্দে তখন রণকৌশল সাজিয়ে চলেছেন দাবাড়ুরা। কীভাবে প্রতিপক্ষকে সাদা-কালো চৌষট্টি ঘরে কুপোকাত করা যায়, সেই পরিকল্পনার মাপজোখ চলছে নিষ্পলক দাবাড়ুদের মগজের অলিগলিতে। জাতীয় নারী দাবা প্রতিযোগিতা দেখতে গিয়ে ঠিক প্রথম টেবিলটিতেই চোখ আটকে গেল কাল।

নিজের প্রায় চার গুণ বেশি বয়সী প্রতিপক্ষের মন্ত্রীটাকে আটকে দিতে ছোট্ট হাতে নৌকাটা তুলে চার ঘর সামনে এগিয়ে আনল সে। প্রতিপক্ষের কপালে ক্ষণিকের জন্য হলেও ভাঁজ। একই সঙ্গে তার অবাক আর প্রশংসার দৃষ্টি খুদে দাবাড়ুর দিকে। যে কিনা আবার দাঁড়িয়ে চাল দিতে বেশি স্বচ্ছন্দ। চেয়ারে বসলে যে পুরো দাবা বোর্ডটা দেখতে পারে না ৮ বছরের অনুরিমা চৌধুরী।

ঠিক পাশেই সাদা-কালোর চৌখুপির দিকে অপলক তাকিয়ে আরেকজন, সবেগে চলছে মাথার ভেতরকার চিন্তার কারখানা। আরে! এরা তো দুজনই দেখতে একই রকম! খোঁজ নিয়ে জানা গেল, তার নাম অনুরিতা চৌধুরী। এই দুই খুদে দাবাড়ু সহোদরা, শুধু তা-ই নয়, যমজ। গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী দুজনই।

পুঁজিবাজারের কর্মকর্তা বাবা সত্যব্রত চৌধুরী ঠায় দাঁড়িয়ে গর্বিত চোখে দেখছেন দুই মেয়ের খেলা। নিজের শখের খেলাটাকে সঞ্চারিত করেছেন মেয়েদের ভেতর। চার মেয়ের বাবা সত্যব্রতের বড় মেয়ে অপরাজিতা চৌধুরীও খেলছেন এই চ্যাম্পিয়নশিপে। অবশ্য কাল পরীক্ষার কারণে আসতে পারেননি। আর সবার ছোটজনও বাড়িতে প্রস্তুত হচ্ছেন পরেরবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে নাম লেখানোর জন্য। ক্রিকেট-ফুটবলের রাজত্বের এই সময়ে কেন মেয়েদের দাবা খেলতে উদ্বুদ্ধ করছেন? সত্যব্রত বললেন, ‘আমি স্কুল-কলেজে দাবা খেলতাম। ওদের মা-ও দাবাটা ভালোই খেলে। বাড়িতে দেখতে দেখতেই আমার মেয়েরা দাবার প্রতি আকৃষ্ট হয়েছে। আর দাবা খেলা তো ভালো, বড় দাবাড়ু হোক না হোক বুদ্ধির চর্চা তো হচ্ছে।’

সত্যব্রতের মেয়েদের বুদ্ধি যে বেশ ধারালো জানা গেল তাদের কাছ থেকেই। চটপটে অনুরিমা বলছিল, ‘আমি তো আমার স্কুলে দাবায় চ্যাম্পিয়ন।’ ৩০ মিনিটের বড় হওয়ায় অনুরিতার প্রতি অগ্রজসুলভ স্নেহে বলল, ‘আর আমার ছোট বোন রানারআপ।’
স্কুলের দাবা প্রতিযোগিতায় অনুরিমার কাছে হারের শোধ এবার জাতীয় নারী দাবায় এসে নিয়েছে অনুরিতা। শান্ত-নিচু স্বর বেরিয়ে এল, ‘এখানে কিন্তু আমি জিতেছি। তবে ও আমার চেয়ে একটু বেশি ভালো খেলে।’

শিশু একাডেমীতে ইমরান হোসেনের কাছে নিয়মিত দাবা খেলার পাঠ নেয় দুই বোন। দাবা ফেডারেশনে শিখবে এই টুর্নামেন্টের পর। জাতীয় নারী দাবায় প্রথমবারের মতো খেলতে আসা এই দুই বোনের জন্য যেন এক মজার উপলক্ষ। রানী হামিদের মতো দাবার কিংবদন্তি যে ঠিক ওপাশের টেবিলটাতেই খেলছেন কিংবা সামনের প্রতিপক্ষের বয়স যে তাদের বাবা-মায়ের চেয়ে বেশি সে সবে কোনো ভ্রুক্ষেপই নেই।

‘গত বছর তো আমি রানী হামিদের সঙ্গে খেলেছিলাম। আমার ভয় লাগেনি। উনি খুব আদর করেছেন। বলেছেন আমি ভালো খেলি।’ অনুরিতার শান্ত কণ্ঠে যেন কয়েক মুহূর্তের ঝড় উঠল। ‘ছোট’ বোনকে থামিয়ে দিল অনুরিমা, ‘তাঁকে (রানী হামিদ) আমাদের দুজনেরই খুব ভালো লাগে। বড় হয়ে তাঁর মতো হতে চাই।’

বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অনুরিমার, অনুরিতা হতে চায় ডাক্তার। ‘কঠিন’ এই কাজের জন্য যে বুদ্ধিটা ধারালো রাখতে হয়, সেটা জানা আছে দুজনের। সে জন্যই বোধ হয় আরেকটু বেশি করে দাবার প্রতি প্রেম এই দুই খুদে দাবাড়ুর। জুডিত পোলগার-সুজান পোলগারের মতো বিশ্বখ্যাত হওয়ার অলীক স্বপ্নে গা ভাসানোর কোনো ইচ্ছা নেই তাদের। ওরা দাবা খেলে মনের আনন্দে।