দাবার ভাগ্য নির্ধারণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজনার চোরাস্রোত বইছে। শেষ পর্যন্ত তা দেশের দাবা অঙ্গনের কোন দিকটা যে ভাসিয়ে নেয়! আজ বহুল আলোচিত দাবা ফেডারেশনের নির্বাচনেই মিলবে এর উত্তর। একদিকে দাবাড়ুদের সমর্থিত ‘দাবা বাঁচাও’ পরিষদ। অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের ‘সম্মিলিত ঐক্য পরিষদ’। মোট ১১৭টি ভোটের ২৫টি ক্লাবের, জেলা ও বিভাগের প্রায় ৭০টি, বাকি ভোট অন্যান্য সংস্থার। দুই পক্ষই ভোট চাইতে সারা দেশ সফর করেছে। এমনিতে অন্য ছোট ফেডারেশনের মতো দাবার নির্বাচন হয়তো এতটা ঝড় তুলত না। কিন্তু দাবার নির্বাচনপূর্ব পরিস্থিতি ছিল ভিন্ন। নির্বাচনটা ফুটবল, ক্রিকেটের মতোই জমে উঠেছে। দাবাড়ুরা বিভেদ ভুলে এক ছাতার নিচে। এটা ভালো দিক। কিন্তু দাবাড়ুদের সব আয়োজন ভণ্ডুল করতে তৈরি ক্ষমতা-অর্থ-বিত্তে শক্তিশালী হয়ে ওঠা ফোরাম। অভিযোগ পাওয়া গেছে, ফোরাম জেলার কাউন্সিলরদের ঢাকার একটি হোটেলে রেখেছে এবং ১০-১২ হাজার টাকা করে হাতখরচ দিচ্ছে। এমনও শোনা যাচ্ছে, ভোটারদের ভোট দেওয়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করে নাকি দেখাতে হবে। যদিও ফোরামসংশ্লিষ্ট ব্যক্তিরা তা অস্বীকার করেছেন। তবে একটা ব্যাপারে কারোই দ্বিমত নেই। গত প্রায় তিন বছর মোকাদ্দেস হোসাইনের অ্যাডহক কমিটির ব্যর্থ পরিচালনায় দাবা অনেক পিছিয়েছে। আবার উঠে দাঁড়াতে হলে দরকার যোগ্য নেতৃত্ব, সে অর্থে আজ দাবার ভাগ্য নির্ধারণই। বছরের অর্ধেক চলে গেছে, দেশে দাবার আয়োজন নেই। এ সময় অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট চলে গেছে, বাংলাদেশের অংশগ্রহণ নেই। সবাই ব্যস্ত নির্বাচন নিয়ে। এ সুযোগে অনেক দুধের মাছিরও আগমন।এ অবস্থা দেখে হতাশ নিয়াজ মোরশেদ। খেলোয়াড়দের ঐক্যের স্বার্থে সাধারণ সম্পাদক পদ ছেড়ে সহসভাপতি পদে দাঁড়ানো দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বললেন, ‘খেলোয়াড়দের পরিষদ জিতুক আমি মনেপ্রাণে চাই। এর জন্যই নিজের সাধারণ সম্পাদক হওয়ার ইচ্ছাটা বিসর্জন দিয়েছি। তবে বহিরাগতরা জিতলে দাবার অবস্থা আরও খারাপ হবে। আশা করি, ভোটাররা তা চাইবেন না।’খেলোয়াড়দের পরিষদে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবাড়ু খন্দকার কায়েস হাসানও আছেন আশায়, ‘দাবার উন্নয়নপ্রত্যাশী সবার ভোট আমরা পাব আশা করি। তবে ফোরাম টাকাপয়সা খরচ করছে বলে শুনেছি। আমরা ভোটারদের বিবেকের কাছেই সব ছেড়ে দিলাম।’‘অনেকেই অনেক কথা বলে’ দাবি করে ফোরামের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল তারেক বলছেন, ‘দাবার জন্য এটা সত্যিই ভাগ্যনির্ধারণ। সংগঠকেরা নির্বাচিত হলে দাবার জন্য ভালো, নইলে খারাপই হবে। আমরা কাউকে টাকাপয়সা দিইনি। এটা সঠিক নয়। আমরা এমনিতেই জয়ের ব্যাপারে নিশ্চিত।’দাবা-অন্তঃপ্রাণদের আহ্বান—প্রলোভনের ঊর্ধ্বে উঠে ভোটাররাই ঠিক করুন, কাদের হাতে যাবে দাবার নেতৃত্ব।