দাবার সঙ্গেও বিমানের বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৮০ সাল থেকে একটানা প্রিমিয়ার দাবা লিগে খেলেছে বাংলাদেশ বিমান। কিন্তু ৩৩ বছর পর এবারই প্রথম বিমানকে ছাড়া আজ শুরু হচ্ছে প্রিমিয়ার দাবা। ক্রীড়াঙ্গনে বিমানের হারিয়ে যাওয়ার শুরুটা অবশ্য অনেক আগ থেকেই। অর্থনৈতিক দুরবস্থাই অন্যতম কারণ বলছেন সংস্থাটির কর্মকর্তারা।
বিমানের বিদায়ে যেমন দাবার জন্য দুসংবাদ, অন্যদিকে সুসংবাদও আছে। দাবায় নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে নৌবাহিনী। গতবারের রানার্সআপ দুরন্ত রাজশাহীর বদলে এবার তারা দাবা লিগে খেলছে। গতবার দুরন্ত রাজশাহীর খেলোয়াড়েরাই খেলছেন নৌবাহিনীতে—গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, জাতীয় দাবায় বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
বিদেশি আনার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে নৌবাহিনী। আজ প্রথম রাউন্ডে তারা মুখোমুখি হবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের। সাদাকালোর সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এরই মধ্যে মোহামেডান রাশিয়া থেকে এনেছে দুই গ্র্যান্ডমাস্টার সের্গেই ভলকভ ও ফারুক আমোনাতভকে। স্থানীয়দের মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছেন মোহামেডানে।
প্রিমিয়ার লিগে খেলা অন্য দলগুলো—সৃজন চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, ফেইথ চেস ক্লাব, তিতাস ক্লাব, নারায়ণগঞ্জ প্রিতম প্রিজম ও গোপালগঞ্জ চেস ক্লাব।