দাবাড়ুদের আন্দোলনে পাল্টাপাল্টি জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু গভীর রাতে পুলিশের সহায়তায় তালা ভেঙে ফেডারেশনে ঢুকেছেন দাবার সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন। সরিয়ে ফেলা হয়েছে আন্দোলনকারী দাবাড়ুদের দাবিনামা লেখা ব্যানার। মোকাদ্দেসের বিরুদ্ধে দুর্নীতি এবং গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে পরশু ফেডারেশনের কার্যালয়ে তালা লাগিয়ে দেন দাবাড়ুরা।পরশুর এই ঘটনাকে কেন্দ্র করে পল্টন থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছেন মোকাদ্দেস ও বিক্ষুব্ধ দাবাড়ুরা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ফিদে মাস্টার খোন্দকার আমিনুলের দাবি, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন (রাজীব), আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান (শাকিল) ও মিনহাজউদ্দিন আহমেদ (সাগর) এবং ফিদে মাস্টার শেখ নাসিরসহ অনেকেই তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।এদিকে বর্তমান অ্যাডহক কমিটি থেকে কাল আরও দুজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য নাটোরের তৌহিদুর রহমান ও রাজশাহীর কাউসার আলী পদত্যাগ করার পাশাপাশি এই আন্দোলনের সঙ্গে সংহতিও প্রকাশ করেন। ২৬ জনের কমিটি থেকে আটজন পদত্যাগ করায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন মোকাদ্দেস। জানালেন, খুব শিগগির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডাকবেন, ‘আমাদের সক্রিয় সহসভাপতি মির্জা এনামুল হোসেন এই মুহূর্তে ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত। ২৩ জানুয়ারির পর তিনি সময় দিতে চেয়েছেন। ওই সময়ে জরুরি সভা ডাকব আমরা।’আন্দোলনে যোগ দেওয়া দাবাড়ুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তিনি, ‘এসব দাবাড়ুর হাতেগোনা কয়েকজন নিয়মিত দাবা খেলে। এদের ভবিষ্যতে আর কোনো প্রতিযোগিতায় খেলতে না দেওয়ার কথা ভাবছি।’ এটা শুনে আমিনুল পাল্টা হুমকি দিয়েছেন, ‘আমরা শাস্তির ভয় পাই না। আগে দেখি, আমাদের কী শাস্তি দেয়। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ফেডারেশন আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে সবাই একসঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেব।’