দাবাড়ুদের ক্ষোভে ফেডারেশনে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের বিরুদ্ধে দুর্নীতি এবং গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কাল ফেডারেশন কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন দাবাড়ুরা। ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং একই সঙ্গে পাঁচ গ্র্যান্ডমাস্টারকে ফিরিয়ে আনার জন্য এই আন্দোলন শুরু করেছেন তাঁরা। শুধু সাধারণ সম্পাদকই নয়, অভিযোগ আছে গত ৫ জানুয়ারি পদত্যাগ করা যুগ্ম সম্পাদক মাসুদুর রহমানের বিরুদ্ধেও। গঠনতন্ত্র লঙ্ঘন, প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে টাকা আত্মসাৎ, প্রাইজমানি আত্মসাৎ, নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া এফডিআর ভেঙে টাকা ওঠানো—তিন পৃষ্ঠার অভিযোগপত্রে এর সবই উল্লেখ আছে। এর অনুলিপি আজ দাবাড়ুরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব ও অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা দেবেন।দেশের দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন (রাজীব) দাবায় অদৃশ্য অনেক দিন থেকে। ২০০৯ সালের সেপ্টেম্বরে দাবার বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ ফিরিয়ে আছেন দুজন। স্থবির দাবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পৃষ্ঠপোষকেরাও। গত আড়াই বছরে কয়েকটি দায়সারা ঘরোয়া টুর্নামেন্ট ছাড়া কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। দুই মাস পর পর কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা থাকলেও সভা হয়েছে মাত্র চারটি। সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কমিটি থেকে পদত্যাগও করেছেন অনেক কর্মকর্তা। ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশীদ ফেডারেশন ছেড়ে চলে গেছেন। অফিস সহকারীর হাতে লাঞ্ছিত হয়েছেন দাবাড়ু। এত দিনের এসব পুঞ্জীভূত ক্ষোভই কাল দানা বাঁধল আন্দোলনে। ফিদে মাস্টার খোন্দকার আমিনুল বলছিলেন, ‘আমরা এই সাধারণ সম্পাদকের কার্যক্রমে বিরক্ত। দাবায় বাংলাদেশ এগোনো তো দূরে থাক, আরও পিছিয়ে যাচ্ছে। আমরা দুর্নীতিগ্রস্ত এমন কর্মকর্তার পদত্যাগ চাই।’বর্ষীয়ান দাবাড়ু মাহবুবুর রহমান তো ফেডারেশনে আসাই ছেড়ে দিয়েছেন, ‘বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আমি এখানে খেলতেই আসি না। এখানে দাবা খেলার পরিবেশ নেই। দাবা ভদ্রলোকের খেলা। কিন্তু এখানে প্রায়ই কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি-মারামারি হয়।’ কিছুদিন পর পর ফেডারেশনের এমন নেতিবাচক সংবাদে বিরক্ত দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তাঁর মতে, ‘এখন সময় এসেছে এই কমিটি নিয়ে সরকারের নতুন করে ভাবার।’তবে অভিযোগের মিছিল উড়িয়ে দিয়ে কাল রাতে সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন দাবি করলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এখন ফেডারেশনেই আছি। যারা আন্দোলন করছে ওদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি।’ সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিকের কথা, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা আগে কেউ জানাতে পারত। তখন এর জবাব দিতাম। আর আমি তো ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। পদত্যাগ যেহেতু করেই ফেলেছি, এসব নিয়ে আমার বলার কিছু নেই।’