দাবাড়ুদের মানববন্ধন
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন দাবাড়ুরা। আন্দোলনকারী দাবাড়ুরা কাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এর আগে প্রেসক্লাবের মধ্যে প্রতীকী দাবা খেলার আয়োজন করতে চাইলেও পরে প্রেসক্লাবের কর্মকর্তাদের বাধার মুখে পড়েন।সেখান থেকে পরে দাবাড়ুরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে মানববন্ধন করেন। আগের মতোই তাঁদের এই আন্দোলনে ফিদে মাস্টার আমিনুল ছাড়া উল্লেখযোগ্য কোনো দাবাড়ুকে দেখা যায়নি। যদিও আমিনুলের দাবি, ‘গ্র্যান্ডমাস্টার, ফিদে মাস্টার ও অন্য দাবাড়ুরা তাঁদের সমর্থন দিচ্ছেন।’ নিজের অবস্থানে অনড় মোকাদ্দেস হোসাইন বললেন, ‘এই আন্দোলনের কোনো ভিত্তি নেই। এখানে গুটিকয়েক অখ্যাত দাবাড়ু অংশ নিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছি। সংবাদ সম্মেলন করেও এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব।’মোকাদ্দেস আরও বলেছেন, ‘মানববন্ধনের মতো আন্দোলন যে কেউ করতে পারে। কিন্তু ফেডারেশনে তালা ঝুলিয়ে দেওয়াটা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। এসব দাবাড়ুর নেতৃত্বে থাকা আমিনুল জাতীয় দাবায় খেলার সুযোগ না পেয়ে এখন আন্দোলন করছে।’