দাবায় অব্যবস্থাপনা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা কি এবার র‌্যাপিড টুর্নামেন্টের মতো হবে? ২৩ সেপ্টেম্বর শুরু করে স্কুল টুর্নামেন্টটা এবার তিন দিনেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। প্রতিদিন খেলা হবে চার রাউন্ড করে। সকালে শুরু করে খুদে খেলোয়াড়দের হয়তো রাত ১২টা পর্যন্ত চালিয়ে যেতে হবে খেলা। অভিনব সিদ্ধান্ত!এমন সিদ্ধান্তে অভিভাবকেরা ক্ষুব্ধ। ফেডারেশনের অনেক সদস্যই এটিকে সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের স্বেচ্ছাচারিতার আরেকটা নজির হিসেবে দেখছেন। তবে দ্রুত খেলা শেষ করার পক্ষে যুক্তি দিতে গিয়ে মোকাদ্দেস বলেছেন, ‘বেশির ভাগ ছাত্রছাত্রীরই পরীক্ষা চলছে। ওদের লেখাপড়ার যাতে কোনো ক্ষতি না হয় তাই এমন সিদ্ধান্ত।’ একই দিনে চার রাউন্ড খেলানোর বিষয়টিকে একেবারেই হালকা করে দেখছেন তিনি, ‘মাঝখানে লাঞ্চ বিরতি থাকবে এক ঘণ্টার। মনে হয় না খুব একটা সমস্যা হবে।’পুরস্কার নিয়েও হচ্ছে সমালোচনা। গতবার দেওয়া হয়েছিল নগদ অর্থ। কিন্তু এবার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উন্মুক্ত গ্রুপের পুরস্কার ল্যাপটপ। বিশেষ এবং শিশু বিভাগের জন্য দাবার ঘড়ি ও বই। নিজের ছেলে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফকে ‘সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে’ মোকাদ্দেস এটা করেছেন বলে অনেক অভিভাবকের অভিযোগ। মোকাদ্দেসের কথা, ‘ভারত, নেপাল, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়ায় আমন্ত্রণ পাঠিয়েছি। আমার ছেলের কথা ভাবলে কি এটা করতাম? যে ল্যাপটপ পাওয়ার যোগ্য সেই পাবে, আমার ছেলে যোগ্য হলে পাবে। এতে তো কোনো সমস্যা নেই।’ গত বছর স্কুল দাবায় ‘আমন্ত্রণ’ পাঠানোর পরও খেলতে আসেনি নেপাল ও ভারত। আদৌ আমন্ত্রণপত্র পাঠানো হয় কি না, তা নিয়েও সংশয় রয়েছে কমিটির সদস্যদের মধ্যে। যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক বললেন, ‘আগে এসব বিষয় দেখভাল করতেন ফেডারেশন কর্মকর্তা ও আন্তর্জাতিক আরবিট্রেটর হারুনুর রশিদ। উনি চলে যাওয়ার পর ফিদের ওয়েবসাইটে রিপোর্ট পাঠানো ও আমন্ত্রণ পাঠানোর প্রক্রিয়াটা উনি নিজেই করেন। এটার পাসওয়ার্ড কেউ চাইলেও দেন না। জানি না সত্যিই আমন্ত্রণ পাঠানো হয়েছে কি না।’