দাবায় আগ্রহ কমছে তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই ফ্রেমে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার—আবদুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব, রিফাত বিন সাত্তার ও নিয়াজ মোরশেদ l ফাইল ছবি
একই ফ্রেমে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার—আবদুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব, রিফাত বিন সাত্তার ও নিয়াজ মোরশেদ l ফাইল ছবি

তিন বছর আগে দাবা অলিম্পিয়াডে খেলতে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। ফেডারেশন এই পাঁচজনকে আর কখনো এক ছাতার নিচে আনতে পারেনি।
দাবা নয়, চাকরিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন রিফাত বিন সাত্তার। একটু একটু করে দাবা থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। গত এক বছর ঘরোয়া-আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেই খেলেননি। বর্তমানে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা হিসেবে ডেনমার্কে রয়েছেন এই গ্র্যান্ডমাস্টার। সর্বশেষ খেলেছেন গত বছর ডিসেম্বরে, আল আইনে ক্লাব চ্যাম্পিয়নশিপে।
বাকি চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে শুধু জিয়া আঁধার ঘরের আলো হয়ে যা একটু নিয়মিত খেলছেন দেশে-বিদেশে। বাকিদের অবস্থাও অনেকটা রিফাতের মতো। নিয়াজ মোরশেদ এ বছর মাত্র একটি ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন চট্টগ্রামে। তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। রাকিব ও রাজীব দুটি করে ঘরোয়া টুর্নামেন্ট ও চারটি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছেন। গ্র্যান্ডমাস্টারদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি খেলেছেন জিয়া। ঘরোয়া দুটি রেটিং টুর্নামেন্টের পাশাপাশি খেলেছেন আটটি আন্তর্জাতিক টুর্নামেন্টে।
একে তো ফেডারেশন নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করে না, তার ওপর দেশের বাইরে খেলতে যাওয়ার খরচটাও দাবাড়ুদেরই গুনতে হয় বেশির ভাগ সময়। রাজীবের কাছে ব্যাপারটা খুব হতাশার, খেলায় কোনো আগ্রহই পান না, ‘নিজেদের খরচেই এখন পর্যন্ত খেলছি। শুধু অলিম্পিয়াড ও এশিয়ান কন্টিনেন্টাল দাবায় ফেডারেশনের খরচে যাই। কিন্তু সেই খরচের টাকা পেতেও অনেক দেনদরবার করতে হয়। এভাবে খেলতে ভালো লাগে না। এ জন্য না খেলে এসবের প্রতিবাদ করেছি দুই বছর। কিন্তু কিছুই বদলায়নি।’ রাজীবের আশঙ্কা ভবিষ্যতে হয়তো দাবাড়ুই খুঁজে পাওয়া যাবে না, ‘দাবার অবস্থা এমন হবে এটা অনেক আগেই অনুমান করেছিলাম। এভাবে চলতে থাকলে একসময় দাবাড়ুই থাকবে না।’ সব সময় নিজের সামর্থ্যে খেলতে যাওয়া সম্ভব নয় বলে আফসোস আছে রাজীবের, ‘দাবাটাকে পেশা হিসেবে নিয়েছি। কিন্তু দাবা থেকে কোনো উপার্জনই করতে পারি না। ইউরোপে খেলার অনেক খরচ। সেটা জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। টুর্নামেন্টে খেলার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি বলে খুব খারাপ লাগে।’ রাকিবও দাবায় আগ্রহ হারাচ্ছেন একই কারণে, ‘বেশি টুর্নামেন্টে একটানা খেলতে পারি না আর্থিক সমস্যার কারণে। ভারতে ঝাঁকে ঝাঁকে দাবাড়ু বের হচ্ছে, কারণ ওদের আগের প্রজন্মের দাবাড়ুরা ভালোভাবে এই পেশায় টিকে আছে। আমরা গ্র্যান্ডমাস্টার, কিন্তু নিজেদের খেলার টাকা নিজেদেরই জোগাড় করতে হয়। পেশাদার যুগে এসে নতুনেরা এসব দেখলে আগ্রহ হারাবেই। এভাবে চললে দাবা মুখ থুবড়ে পড়বে নিশ্চিত।’
নানা প্রতিবন্ধকতার মধ্যেও খেলে চলেছেন জিয়া। নিজেই নিজের স্পনসর। কিন্তু বড় মাপের টুর্নামেন্টে বেশি খেলতে আগ্রহী বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার, ‘আমরা কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ কম পাই। কদিন আগে বিশ্বকাপে খেলেছি রাশিয়ান চ্যাম্পিয়ন ইভগেনি টমাশেভস্কির সঙ্গে। এমন মানের অন্তত ৩০টা গেম প্রতিবছরে খেলা উচিত আমাদের।’
টুর্নামেন্ট খেলার চেয়ে এখন কোচিংয়ে নজর দিয়েছেন নিয়াজ মোরশেদ। বর্তমানে তিনি ফাহাদ রহমানের কোচ। জিয়াও ভবিষ্যতে দাবার একাডেমি করার স্বপ্ন দেখেন। দাবায় হতাশ রিফাত চাকরির টানে তো খেলাটাই ছেড়ে দেওয়ার পথে। রাকিব-রাজীবরা অবশ্য খেলার বাইরে অন্য কোনো কাজ করেন না। এভাবে চলতে থাকলে হয়তো বাকি দুই গ্র্যান্ডমাস্টারও সাদা-কালো বোর্ড শোকেসে তুলে রাখার চিন্তা-ভাবনা করবেন। তখন শুধু কাগজে-কলমেই থাকবে পাঁচ গ্র্যান্ডমাস্টার। সাত বছর আগে বাংলাদেশের পঞ্চম ও সর্বশেষ গ্র্যান্ডমাস্টার হয়েছেন রাজীব। তালিকায় নতুন একটি নাম পেতে কত দিন অপেক্ষা করতে হবে কে জানে!