দাবায় জেলার আগ্রহ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়ায় উড়ছে নানা রঙের বেলুন। উড়ছে রঙিন কাগজের ফুল। ফেডারেশনে ঢোকার দরজাও রঙিন কাপড়ে সাজানো। মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে আট-দশ বছরের একদল কিশোর-কিশোরী। চারদিকে উৎসবের আমেজ। জাঁকজমকপূর্ণ পরিবেশেই কাল শুরু হলো ৩২তম অনূর্ধ্ব-১৬ জাতীয় সাব-জুনিয়র দাবা।দাবার নির্বাচিত নতুন কমিটি ঘরোয়া প্রতিযোগিতায় পরিবর্তনের ছোঁয়া আনতে চায়। তারই অংশ হিসেবে গতবার যেখানে সাব-জুনিয়রে খেলেছে ২৫ জন দাবাড়ু, এবার ৭৬ জন। তবে ঢাকার বাইরে অংশগ্রহণ খুবই কম। ১১টি জেলা থেকে দাবাড়ুরা এসেছে। সবচেয়ে বেশি সাতজন এসেছে মুন্সিগঞ্জ থেকে। অথচ দাবার নির্বাচনের সময় জেলার কাউন্সিলরদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু এখন সাড়া নেই!এবারের প্রতিযোগিতায় খেলছে সাব-জুনিয়রে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন ফাহাদ রহমান ও আবদুল্লাহ আল সাইফ। কলকাতায় রেটিং টুর্নামেন্টে অংশ নেওয়া সাইফ কালই ঢাকায় ফিরেছে। ভ্রমণক্লান্তি তার চোখেমুখে। এসেই বসে পড়েছে দাবার বোর্ডে। তবে একজনকে দেখে চোখ আটকে গেল। এক কোনায় দাবা খেলতে মগ্ন টুর্নামেন্টের সবচেয়ে ছোট দাবাড়ু ছয় বছরের আপন পাল। দাবার নিয়মকানুন সে গড়গড় করে বলে দিল, ‘ঘোড়া আড়াই চাল, নৌকা সোজাসুজি চলে...।’পুরনো ঢাকার পাটোয়াটুলীর বেবি কেয়ার কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র আপন, তার বড় ভাই শোভন পালও খেলছে এই প্রতিযোগিতায়। বাইরে অপেক্ষমাণ বাবা আশিষ পাল খুদে আপনকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন, ‘মাত্র ছয় বছর বয়স আপনের। দাবা খেলার প্রতি ওর অনেক ঝোঁক। ওর আগ্রহ দেখে মনে হচ্ছে, একদিন ভালো করতে পারবে দাবায়। তার জন্য দাবার বোর্ড কিনে দিয়ে বলেছি, খেলো।’ছোট্ট ফেডারেশনের ঘরে অনেক বোর্ড। ঘিঞ্জি পরিবেশ। এ অবস্থায় ঢাকার বাইরের অভিভাবকেরা পড়েছেন বেশি বিপাকে। বসার জায়গাও নেই। ছেলে মিনহাজ মোহাম্মদকে নিয়ে রাজশাহী থেকে আসা মৌসুমী মাহমুদ অস্বস্তিতে ভুগছিলেন। ছেলেকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ডরমিটরিতে রাখতে বলা হয়েছে, আর তাঁকে বলা হয়েছে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে থাকতে। কিন্তু ভদ্রমহিলার সাফ কথা, ‘ছেলেকে রেখে অত দূরে কীভাবে থাকব?’ এনএসসিতে সম্প্রতি নারীদের আবাসনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিপদে পড়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।সব দেখেশুনে সহসভাপতি মোকাদ্দেস হোসাইন বললেন, ‘আবাসন-সুবিধা বাড়ানো উচিত। একটা ডাইনিংয়ের ব্যবস্থা করলে এসব টুর্নামেন্টে আরও প্রতিযোগী বাড়বে।’