দাবায় নিয়মরক্ষার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা ফেডারেশনের নির্বাচন নিয়ে চার বছর আগে সবার আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু নির্বাচনের পর দাবার উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ হয়নি। নানা অভিযোগে বিশ্বাসযোগ্যতা হারায় নির্বাচিত কমিটি। এবারও নির্বাচনের শুরুতে জমে উঠেছিল ক্ষমতায় যাওয়ার লড়াই। তবে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান থেকে সরে যায় এক পক্ষ। নির্বাচনটা তাই হয়ে দাঁড়িয়েছিল কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার।
নানা দ্বন্দ্ব-সংঘাতের জেরে শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করে সম্মিলিত পরিষদ। অন্য পক্ষ সুযোগ পেয়ে যায় ফাঁকা মাঠে গোল দেওয়ার। কাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সেটিই হয়েছে। ৯৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৯ জন। ২৩টি পদের সব কটিতে জিতেছে সমমনা পরিষদ।
৭৬ ভোট পেয়ে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম। সহসভাপতি হয়েছেন গাজী সাইফুল তারেক (৭৯), কে এম শহীদুল্লাহ (৭৭), তরফদার রুহুল আমিন (৭৭) ও চৌধুরী নাফিজ শারাফাত (৭৫)। যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান (৭৬) ও মাসুদুর রহমান (৭৬)।