দাবায় ফিরল আনসার, নতুন নৌবাহিনী
বাংলাদেশ গেমস নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও এর অন্য একটা দিকও আছে। এই গেমসে ভালো ফলের আশায় সার্ভিসেস (সেবা) দলগুলো বিভিন্ন খেলায় শক্তিশালী দল গড়ছে। তাদের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা দেখা যাচ্ছে, যা ক্রীড়াঙ্গনের জন্য ভালো ফল আনবে মনে করেন অনেকেই।এবার যেমন গেমসে নতুন যোগ হওয়া দাবায় দল গড়ছে বাংলাদেশ আনসার-নৌবাহিনী। একসময় দাবা লিগে খেলত আনসার। দলটা এক যুগ পর এই গেমস দিয়ে আবার ফিরেছে দাবায়। নৌবাহিনী এই প্রথম দাবায় এসেছে।শেষ তিনটি বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসারের দাবা দলে আছেন দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। দলে তাঁদের সঙ্গী আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, শারমিন সুলতানা, শামীমা আক্তার। নৌবাহিনী নিয়েছে তিন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লা আল রাকিব ও এনামুল হোসেন রাজীবকে। রানী হামিদ খেলবেন তিতাসের পক্ষে। ১৮ দলের দাবা প্রতিযোগিতায় লড়াইটা মূলত এই তিন দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।