দাবায় বিদেশি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দাবায় সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ইগোর রাউসিস। ২০০৭ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীবকে তিন মাসের প্রশিক্ষণ দিয়েছিলেন এই লাটভিয়ান গ্র্যান্ডমাস্টার।

এবার আবার বিদেশি কোচের খোঁজে ফেডারেশন। আগস্টে নরওয়েতে হবে ৪১তম দাবা অলিম্পিয়াড। আন্তর্জাতিক এ টুর্নামেন্ট সামনে রেখেই ফেডারেশন যোগাযোগ করেছে হল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সের্গেই টিভিয়াকভের সঙ্গে। কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক জানালেন, ‘মাসিক ৫০০০ ডলারে তাঁকে আমরা রাজি করিয়েছি। তবে সমস্যা হলো তিনি এক মাসের বেশি প্রশিক্ষণ দিতে রাজি নন। কারণ, তিনিও হল্যান্ডের হয়ে অলিম্পিয়াডে খেলবেন।’ ৪১ বছর বয়সী টিভিয়াকভের বর্তমান রেটিং ২৬৫১।