দাবায় ভ্রমণবিলাস!
আদম পাচারের অভিযোগে গত মাসে তিন দাবাড়ুকে বহিষ্কার করেছে দাবা ফেডারেশন। আবারও বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন ফেডারেশনের একশ্রেণীর কর্মকর্তা ও দাবাড়ু। আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হবে বার্ষিক নর্থ আমেরিকান ওপেন টুর্নামেন্ট। সেখানে অংশ নেওয়ার জন্য সাত সদস্যের দাবা দলের নাম জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে ফেডারেশন। এ তালিকায় আছেন একটি জাতীয় দৈনিকের একজন ক্রীড়া সাংবাদিকও!
গত ৯ অক্টোবর সরকারি আদেশপত্র (জিও) চেয়ে এনএসসিকে ওই চিঠি দেয় ফেডারেশন। এই দলের প্রধান হিসেবে যাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। ফিদে মাস্টার শেখ নাসির, খন্দকার আমিনুলের সঙ্গী দাবায় অনিয়মিত আরিফুজ্জামান শিকদার। অখ্যাত জুনিয়র দাবাড়ু তাহসিন আঞ্জুমও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাহসিনের বাবা ফেডারেশনের সহসভাপতি শহীদুল্লাহ। তিনি এই দলে না থাকলেও তাহসিনার মা খোদেজা বেগমের নাম আছে যুক্তরাষ্ট্র সফরের দলে। তালিকায় সবার শেষে আছেন ওই সাংবাদিক।
এই সফরের খবর শুনে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেঁকে বসেন আরেক সহসভাপতি সৈয়দ শাহাব উদ্দিনও। তাঁর সঙ্গে যাওয়ার কথা দাবাড়ু মাহমুদা হক চৌধুরী মলির, যিনি শাহাব উদ্দিনের স্ত্রী। বাদ যাচ্ছেন না তাঁদের সন্তান সৈয়দ রিদওয়ানও। একই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনএসসিতে দুবার আবেদন করেছে ফেডারেশন। কিন্তু এই তিনজনের জিও না দিয়ে এনএসসি এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে দাবা ফেডারেশনের কাছে। এনএসসিতে আবেদন করা চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশ দাবা দলের সব খরচ বহন করবে ফেডারেশন। অথচ অর্থের অভাবে আটকে আছে ফিদের বার্ষিক পাওনা চাঁদা আড়াই লাখ টাকা।
আশির দশকে নিয়মিত দাবা খেলা আরিফুজ্জামান দক্ষিণ আফ্রিকায় প্রায় নয় বছর কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরেছেন। নড়াইল থেকে ঢাকায় এসে নিয়মিত দাবা খেলেন বলেই কাল দাবি করলেন। গত জাতীয় দাবায় বাছাইপর্ব পার হতে পারেননি তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার এত আগ্রহ কেন, জানতে চাইলে আরিফুজ্জামান কোনো সদুত্তর দিতে পারলেন না, ‘আমি নিজের খরচে সেখানে খেলতে যাচ্ছি। এ ধরনের টুর্নামেন্টে খেলতে গেলে নিজের র্যাঙ্কিং বাড়ে। খন্দকার আমিনুল কিছুদিন আগে এই টুর্নামেন্টে আমন্ত্রণের খবরটা জানানোর পরই আমি আগ্রহ প্রকাশ করেছি।’
এনএসসিতে লেখা চিঠিতে দাবা ফেডারেশন জানিয়েছে, এই টুর্নামেন্টে খেললে অর্থ পুরস্কারের পাশাপাশি দাবাড়ুদের গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক নর্ম পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেসব দাবাড়ু যাচ্ছেন, তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি নয় যে গেলেই নর্ম পেয়ে যাবেন তাঁরা। কিন্তু কীভাবে এঁদের বাছাই করা হলো? ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক বললেন, ‘এখানে যেকোনো দাবাড়ু নিজের খরচে যেতে পারে। তাই কেউ আবেদন করলে আমরা তাদের উপেক্ষা করতে পারি না। যাওয়ার অনুমতি দিয়ে দিই।’ যাঁরা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সবাই ফিরে আসবেন এমন নিশ্চয়তার পরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানালেন তিনি।