দাবায় মন্ত্রীও অসহায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন সভাপতির কোনো পরামর্শ বা সিদ্ধান্ত আমলে নেন না সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন—কাল এমনই অভিযোগ করলেন দাবা ফেডারেশনের সভাপতি ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। সাধারণ সম্পাদকের ওপর বেশ বিরক্তই মনে হলো সভাপতিকে। সভাপতি বললেন, ‘এমনিতেই আমার এখানে কর্তৃত্ব কম। আমি কোনো পরামর্শ বা সিদ্ধান্ত দিলে সেটাও ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। ফেডারেশন সভাপতি হিসেবে এ জন্য দাবাড়ুদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও বর্তমান কমিটির বিভিন্ন কার্যক্রমে অসন্তুষ্ট। মন্ত্রী যে কতটা অসন্তুষ্ট সেটা বোঝাতে গিয়ে তিনি বললেন, ‘মন্ত্রী মহোদয় বিরক্ত হয়ে একবার পদত্যাগও করতে চেয়েছিলেন। কিন্তু আমিই বুঝিয়ে-সুঝিয়ে তাকে পদত্যাগ করতে দিইনি। তাঁকে বলেছি, যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করতে হবে। না হলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি।’ মোকাদ্দেস সম্প্রতি আবারও বিতর্কে জড়িয়েছেন নিজের ছেলে জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ ও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমানকে যুক্তরাষ্ট্রের অরেঞ্জ বোলে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্তটা নাকি নির্বাহী সভায় এখন পর্যন্ত অনুমোদিতই হয়নি। এ ব্যাপারে মোকাদ্দেসের ব্যাখ্যা, ‘আমরা ওয়ার্কিং কমিটিতে এটার অনুমোদন নিয়েছি, পরে ইসি (নির্বাহী সভা) মিটিংয়ে অনুমতি করিয়ে নেব।’কাল জাতীয় দাবার চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন জি এম কাদের। সেখানেই এসব কথা বলেন তিনি।আজ থেকে ফেডারেশন কার্যালয়ে শুরু হবে জাতীয় দাবা। এতে সরাসরি খেলবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, গত বছরের চ্যাম্পিয়ন মিনহাজউদ্দিন আহমেদ ও রানারআপ আবু সুফিয়ান। বাকি নয়জন সুযোগ পেয়েছেন বাছাইপর্ব থেকে।