দাবায় রুশ অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রপ্রেম থেকেই মেয়েটির সেই রাশিয়া থেকে বাংলাদেশে আসা। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। ভেরোনিকা মিনিনার আরেকটি ভালোবাসার জায়গাও আছে—দাবার বোর্ড। গ্যারি কাসপারভ, আনাতলি কারপভের দেশের মেয়ে তাই ঢাকায় সংযোগ ঘটিয়েছেন দাবা ফেডারেশনের সঙ্গে। ফেডারেশন আয়োজিত কালকের সাপ্তাহিক র‌্যাপিড টুর্নামেন্টে টানা দুই বোর্ড জিতে অপেক্ষায় ছিলেন তৃতীয় বোর্ডে খেলার।ভেরোনিকার রেটিং ২০৫০। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক মহিলা মাস্টারের জন্য ছয়টি নর্ম (তিনটি হলেই চলে) অর্জন করে ফেলেছেন। কমপক্ষে ২২০০ রেটিং না হলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মহিলা মাস্টারের খেতাব পান না কোনো দাবাড়ু। আপাতত প্রয়োজনীয় রেটিংয়ের অপেক্ষায় ২৪ বছর বয়সী তরুণী।বাংলা ভাষার প্রতি দুর্বলতাটা জন্মাল কীভাবে? ভেরোনিকার উত্তর, ‘আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের রাশিয়ান ভাষায় অনূদিত বইগুলো পড়তাম। ধীরে ধীরে রবীন্দ্রনাথের প্রতি একধরনের ভালোলাগা জন্মে যায়। সেখান থেকেই এই ভাষার প্রতি দুর্বলতা। বিশ্ববিদ্যালয়ে এসে বাংলা ভাষাকেই বেছে নিলাম।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে, গোরা উপন্যাস পড়েছেন। ঘরে-বাইরে চলচ্চিত্রের রুশ সাবটাইটেল করেছেন নিজে। শুধু রবীন্দ্রনাথই নন, আগ্রহ তাঁর শরৎচন্দ্র, নজরুল ও জীবনানন্দ দাশেও। পড়েছেন হুমায়ূন আহমেদের বেশ কটি উপন্যাস। হুমায়ূন আহমেদের প্রয়াণে খুবই ব্যথিত ভেরোনিকা, ‘হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। তাঁর নন্দিত নরকে, ১৯৭১ উপন্যাস দুটি পড়েছি। খুবই ভালো লেগেছে।’ ভেরোনিকা তৃতীয়বারের মতো এসেছেন বাংলাদেশে। এর আগে খেলেছেন কক্সবাজারে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সিক্স সিজনস দাবায়। এখানকার দাবাড়ুদের প্রশংসায় পঞ্চমুখ এই তরুণী, ‘সাগর (মিনহাজ উদ্দিন) খুবই ভালো খেলে। ওকে একবার হারিয়েছি, ও জিতেছে দুবার।’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর গবেষণা করছেন। বাংলা একাডেমিতে গিয়েছিলেন, যাবেন পশ্চিমবঙ্গে। ‘বোলপুরে শান্তিনিকেতন দেখার ভীষণ ইচ্ছা আমার’—জানালেন ভেরোনিকা। ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের সোনার তরী থেকে কয়েক ছত্র, ‘গগনে গরজে মেঘ ঘন বরষা। কূলে একা বসে আছি নাহি ভরসা...।’