দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে চায় মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এবারের প্রিমিয়ার দাবা লিগ নিয়ে তাই রোমাঞ্চিত মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। আগামী ২ নভেম্বর শুরু হবে এই মৌসুমের প্রিমিয়ার লিগ। অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ দুরন্ত রাজশাহী এবং তিতাস ক্লাব, একসেস গ্রুপ, নারায়ণগঞ্জ প্রিতম প্রিজম, এয়ার ডেসটিনি লিমিটেড, বাংলাদেশ বিমান, ফেইথ চেস ক্লাব, লিওনাইন ও গোপালগঞ্জ চেস ক্লাব।
মোহামেডান ক্লাবে খেলছেন দেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর) ও আবদুল মালেক। স্থানীয়দের সঙ্গে যোগ হচ্ছে দুই বিদেশি রুশ গ্র্যান্ডমাস্টার সের্গেই ভলকভ ও ফারুক আমানাতো। ভলকভ রাশিয়ার সাবেক জাতীয় চ্যাম্পিয়ন। ভলকভের বর্তমান রেটিং ২৬২৮। ফারুকের রেটিং ২৬২৪। তাজিকিস্তানে জন্ম নেওয়া ফারুক অনেক দিন থেকেই রাশিয়ার হয়ে খেলছেন। আগামী ১ নভেম্বর ঢাকায় আসবেন এই দুই গ্র্যান্ডমাস্টার। তাঁদের নিয়ে দারুণ আশাবাদী নিয়াজ, ‘ওরা দুজনই খুব ভালো মানের দাবাড়ু। ওদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্থানীয়দের সঙ্গে এদের সমন্বয়ে গড়া দলটি খুবই ভালো হবে। আমরা হ্যাটট্রিক শিরোপা উপহার দিতে চাই মোহামেডানকে।’ গত বছরের জাতীয় চ্যাম্পিয়ন নিয়াজ এবার হয়েছেন পঞ্চম। তবে লিগে নিজেকে আবারও ছন্দেই দেখতে চান উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার, ‘জাতীয় দাবায় খারাপ খেলেছি, কিন্তু লিগে আশা করি ভালোই খেলব।’
গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব) ও তৈয়বুর রহমানকে নিয়ে যথেষ্টই ভালো দল গড়ছে দুরন্ত রাজশাহী। বিদেশি খেলোয়াড় সংগ্রহে কম চেষ্টা করেনি তারা। চেষ্টা করেও কোনো রুশ দাবাড়ু না আনতে পেরে দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলী ও সন্দীপন চন্দকে আনার চেষ্টা করছে রাজশাহীর দলটি।