দাবি আদায়ের হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দল রিও ডি জেনিরোতে পা রাখতে শুরু করেছে। পর্যটকেরাও জড়ো হতে শুরু করেছে গুরুত্বের দিক দিয়ে ব্রাজিলের প্রধানতম নগরীটিতে। আর এমন সময়েই কিনা ধর্মঘটে যাচ্ছেন রিও ডি জেনিরোর পাতালরেলের কর্মীরা!

৫ আগস্ট অলিম্পিকের উদ্বোধন। বিশ্বের বৃহত্তর এই ক্রীড়াযজ্ঞকেই দাবি আদায়ের ‘হাতিয়ার’ হিসেবে বেছে নিয়েছে পাতালরেল কর্মীদের ইউনিয়ন। তাদের দাবি, বেতন বাড়াতে হবে। সরকার ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করলেও ইউনিয়ন সেটি প্রত্যাখ্যান করেছে। ইউনিয়নের যুক্তি, ব্রাজিলের সাম্প্রতিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৮৪ শতাংশ। কর্মীদের বেতন তাই কমপক্ষে ৯ দশমিক ৮৩ শতাংশ হারে বাড়াতে হবে। সরকার এই দাবি না মানলে ৪ আগস্ট মধ্যরাত থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ইউনিয়ন। অলিম্পিক সামনে রেখে রিও ডি জেনিরোর পাতালরেলের পরিধি বাড়ানো হয়েছে। শহরের যোগাযোগব্যবস্থার অন্যতম প্রধান অবলম্বন এই পাতালরেল। অলিম্পিকের সময় যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে দুই পক্ষকে একটা সমঝোতায় আসতেই হবে। এএফপি।