দাবির মিটারে পারদ চড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে তাঁরা বললেন, ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলতে চান। সভাপতির সঙ্গে বসলেই সব সমস্যার সমাধান হবে। পরক্ষণেই সেই অবস্থান থেকে হকি খেলোয়াড়েরা সরে গেলেন। এবার এক দফা দাবি! ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহকে পদত্যাগ করতে হবে। রহমতউল্লাহ পদত্যাগ না করলে তাঁরা কোনো খেলাতেই অংশ নেবেন না!গত কয়েক দিনের ধারাবাহিকতায় কালও হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন ‘বিদ্রোহী’ খেলোয়াড়েরা। টিভি ক্যামেরা ডেকেছেন তাঁরা, কিন্তু প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বলেননি। পরে পত্রিকার সাংবাদিকেরা হকি স্টেডিয়ামে গিয়ে দেখেন, টার্ফের ওপর টেবিল পেতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি, সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন, আসাদুজ্জামান চন্দন, রাসেল মাহমুদ জিমিসহ জনা পনেরো খেলোয়াড়ের উপস্থিতিতে সেখানেই রহমতউল্লাহর পদত্যাগের দাবি তোলা হলো। জিমির কথা, ‘রহমত ভাই না সরলে আমরা আর খেলব না।’ দাবিটিকে নতুন বলছেন না তিনি, ‘ফেডারেশন সেক্রেটারির পদত্যাগের দাবি আমরা আগেও করেছিলাম।’আগামী ১ জুন লিগ কমিটির সভা। ইতিপূর্বে দেওয়া খেলোয়াড়দের তিনটি দাবিই ওই সভায় সমাধান হলেও কি তাঁরা খেলবেন না? জিমির কথা, ‘দাবি মানলেও আমরা খেলব না, যদি রহমত ভাই সাধারণ সম্পাদক থাকেন।’ রহমতউল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এলে? এবার জবাব, ‘রহমত ভাইকে নিয়ে বিতর্ক আছে। আমরা চাই না, তিনি নির্বাচিত হয়ে আসুন।’খেলোয়াড়েরা দ্রুত দলবদলের দাবি তুলে জাতীয় দলের ক্যাম্প বর্জনের ঘোষণার পরই জটিলতা শুরু। পরে ২-৪ জুলাই দলবদলের তারিখ দেওয়া হলেও খেলোয়াড়েরা তিনটি দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন। দলবদল হবেই এমন লিখিত প্রতিশ্রুতি, কোনো দল এককভাবে বিকেএসপির খেলোয়াড় যাতে না নিতে পারে (আবাহনী বিকেএসপির খেলোয়াড় নেওয়ার উদ্যোগ নিয়েছে) এবং বিদেশি খেলোয়াড়ের কোটা তিনজন করার দাবি তাঁদের।ফেডারেশনের কাজের অপেক্ষা না করে অধৈর্য হয়ে পুরো বিষয়কে ভিন্ন দিকে নিয়ে গেলেন খেলোয়াড়েরা। তবে মুখে যা-ই বলুন, ভেতরে ভেতরে খেলোয়াড়েরা সমাধানের জন্য উন্মুখ। তাঁরা মনে করেন, ফেডারেশনের সভাপতি একটু সময় দিলেই হয়। মনের কথা সভাপতিকে জানাবেন। তারপর সভাপতি যা সমাধান দেবেন, সেটিই শিরোধার্য।ওদিকে ফেডারেশনের সম্পাদক হাঁটছেন কঠোর পথে। খেলোয়াড়দের শাস্তি দেওয়ার কথা বলছেন। খেলোয়াড়েরা বলছেন, খন্দকার জামিলউদ্দিনের কমিটি উৎখাত করতে রহমতউল্লাহ এই খেলোয়াড়দের আন্দোলনে বাতাস দিয়েছেন। অনেকে বলছেন, এখন রহমতউল্লাহকে সরাতে এই খেলোয়াড়দের নিয়ে কলকাঠি নাড়াচাড়া হচ্ছে বাইরে থেকে!অবস্থা এমন যে, এশিয়া কাপে বিকেএসপির দল পাঠানোর ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। খেলোয়াড়দের দাবিদাওয়া মানার কোনো আভাস মেলেনি। দলবদল না হলে ফেডারেশন বা কর্মকর্তাদের ক্ষতি হবে না। খেলোয়াড় ও দেশের অগ্রসরমান হকিরই ক্ষতি হবে।