দাম বাড়ছে বিশ্বকাপ টিকিটের
অপেক্ষার প্রহর ফুরিয়ে এল বলে। বহুপ্রতীক্ষিত ব্রাজিল বিশ্বকাপের টিকিট ছাড়ছে ফিফা। আগামী ২০ আগস্ট থেকে ফিফা ডট কমে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপ শুরুর ৩৩০ দিন আগে এই ঘোষণা দিল ফিফা। চার ক্যাটাগরিতে তিন ধাপে বিক্রি হবে প্রায় ৩০ লাখ টিকিট। প্রথম রাউন্ডের সবচেয়ে কম দামি টিকিট কিনতে খরচ করতে হবে ৯০ ডলার। আর রিও ডি জেনিরোর ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ৯৯০ ডলার। প্রথম ধাপের টিকিট বিক্রি শেষ হবে ১০ অক্টোবর। ৮ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি। ২০১৪-এর ১৫ এপ্রিল থেকে পাওয়া যাবে শেষ পর্যায়ের টিকিট।ব্রাজিলিয়ানরা অবশ্য অনেক কম দামেই পাবে তাদের জন্য বরাদ্দ থাকা ৪ লাখ টিকিট। ঘরের মাঠে খেলা দেখতে হলে অন্তত ৩০ ডলার খরচ করতে হবে তাদের। তবে স্বাগতিকদের জন্য আরেকটা খুশির খবর বিশেষ মূল্য ছাড়ে ১৫ ডলার দামে কিছু টিকিট ছাড়ছে ফিফা। সেটা শুধু ছাত্র ও বয়োজ্যেষ্ঠদের জন্য। ফিফার বিপণন পরিচালক থিয়েরি উইল জানিয়েছেন ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার এ রকম ঘোষণা দিল ফিফা। সেই ১৯৫০ সালে সর্বশেষ এমনটা ঘটেছিল, সেটাও এই ব্রাজিলেই। টিকিটের দাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। তিন বছর আগে সবচেয়ে কম দামি টিকিটের দাম ছিল ৮০ ডলার। এমনিতেই বিশ্বকাপের টিকিটসহ জীবনযাত্রার মূল্যবৃদ্ধির কারণে গত মাসেই বিশাল বিক্ষোভ হয়ে গেল ব্রাজিলে। ফিফার এই ঘোষণা ব্রাজিলে সাদরে গৃহীত হবে কিনা সেটা এখনই বলা মুশকিল। এএফপি, ওয়েবসাইট।