দামি মাইক্রোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজাজটা খারাপই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার সঙ্গে পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ম্যাচটি হয়েছে ড্র। এ অবস্থায় এক টিভি সাংবাদিক মাইক্রোফোন এগিয়ে দেন তাঁর সামনে। তিনি এতটাই খেপে যান যে মাইক্রোফোনটি ছুড়ে ফেলেন পাশের লেকের পানিতে। পরে ডুবুরি দিয়ে লেক থেকে খুঁজে আনা হয়েছে সেটি। এখন মাইক্রোফোনটি নিলামে তুলবে পর্তুগিজ চ্যানেল সিএমটিভি। টেলিভিশন চ্যানেলটি এরই মধ্যে একটি নম্বর দিয়ে ফোন কলের আহ্বান জানিয়েছে দর্শকদের। প্রতি কলে কাটা হবে ৬০ ইউরো সেন্ট। যিনি সবচেয়ে বেশিবার কল করবেন তাঁকে দেওয়া হবে যন্ত্রটি। নিলামে পাওয়া অর্থ ব্যয় হবে রোনালদোর জন্মস্থান মাদেইরার একটি প্রতিবন্ধী শিশু সহায়তা কেন্দ্রে। মার্কা।