দায় নিয়ে মুশফিকের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ হারেও এত বড় ধাক্কা লাগেনি, যত বড় ধাক্কাটা দিলেন মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে প্রথমে এলেন শুধু সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। একটি-দুটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই হঠাৎ ড্রেসিংরুম থেকে নেমে এলেন মুশফিকও। মাহমুদউল্লাহ বিস্ময় নিয়ে তাকালেন তাঁর দিকে।সেই বিস্ময়ের কারণ একটু পরই পরিষ্কার করে দিয়েছেন মুশফিক। সিরিজ নিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেওয়ার পর বললেন, ‘আমার একটা কথা...সম্ভবত এটা অধিনায়ক হিসেবে আমার শেষ সিরিজ। এখান থেকে আমি পদত্যাগ করব। এই দুইটা টি-টোয়েন্টি ম্যাচই আমার জন্য শেষ...।’ মুশফিকের এই ঘোষণায় হতভম্ব হয়ে যায় সবাই-ই। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি, আমি নিজে ভালো খেলিনি এবং দল হিসেবেও আমরা ভালো খেলিনি। সে জন্যই আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। এখন যেহেতু আমি এই সিরিজ পর্যন্ত অধিনায়ক আছি, শেষ দুই ম্যাচে তো অধিনায়কত্ব করতেই হবে।’ সাংবাদিকদের আর কোনো প্রশ্ন না করতে দিয়ে ‘এতটুকুই বলি...প্লিজ’ বলে চলে যান ড্রেসিংরুমের দিকে।দল সূত্রের তথ্য, মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরেই আবেগাক্রান্ত হয়ে পড়েন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর অধিনায়কত্ব করবেন না বলেও ঘোষণা দেন। বলেন, একটু পর সংবাদ সম্মেলনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেবেন সিদ্ধান্তটা। টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থরাও তাঁকে বোঝানোর চেষ্টা করেন। সিরিজ শেষের সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক আসার প্রচলন থাকলেও পরে তাই মুশফিককে না পাঠিয়ে পাঠানো হয় সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে পরে মুশফিক সংবাদ সম্মেলনে চলে আসেন এবং পদত্যাগের ঘোষণা দেন। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সদস্যদের কাছে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তাঁরা কিছু বলেননি। দলের সঙ্গে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন ফোনে শুধু বলেছেন, ‘আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনায় বসেছি। পরে কথা বলব।’পদত্যাগের ঘোষণার আগ পর্যন্ত সংবাদ সম্মেলনে সিরিজের ব্যর্থতা নিয়েই কথা বলেছেন অধিনায়ক। জিম্বাবুয়ের কাছে সিরিজ হারাটাকে শুধু ভাগ্যদোষই মানতে রাজি নন তিনি, ‘ভাগ্যের ব্যাপার তো কিছু থাকেই। তবে এই তিনটা ওয়ানডেতে আমরা যে রকম খেলেছি, দল হিসেবে আমরা তার চেয়ে আরও ভালো। ব্যাটিংয়ে আমরা সেটা প্রমাণ করতে পারিনি। তিন ম্যাচে ওপরের পাঁচ ব্যাটসম্যান একটা ফিফটিও করতে পারিনি। এটা খুবই হতাশাজনক।’ টপ অর্ডার ব্যাটসম্যানরা কোনো কোনো সময় আত্মতুষ্টিতে ভুগেছেন বলেও মনে হয়েছে অধিনায়কের। সঙ্গে অবশ্য বলেছেন, ‘জিম্বাবুয়ে যে খুব ভালো বল করেছে, তা-ও নয়।’জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশকে ভালো দলই বলে সবাই। কিন্তু ২০১১-এর পর এবারও জিম্বাবুয়ে এসে এমন লজ্জা কুড়িয়ে নেওয়ার পরও কি তাই বলা যায়? মুশফিক বললেন, ‘ক্রিকেটে যারা যত বড় দলই হোক না কেন, বিশেষ একটা দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। তা ছাড়া আগে এখানকার উইকেটে স্পিনারদের জন্য সাহায্য ছিল। এবার সেটা তারা পায়নি। পেসাররাও শুরুতে উইকেট বের করে দিতে পারেনি। সব মিলিয়ে তিন বিভাগেই আমরা খুব ভালোভাবে ক্লিক করতে পারিনি।’তবে এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ হারের চেয়ে বড় ক্ষতি বোধ হয় মুশফিকের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। যত দূর জানা গেছে, বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছে তাঁর সিদ্ধান্ত বদলানোর। এ চেষ্টায় তাঁরা সফল হলেই ভালো। অধিনায়ক হিসেবে এর মধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন মুশফিক। এই একটা সিরিজের ব্যর্থতাতেই তো আর সেসব মুছে যায়নি! আর এটা যদি সত্যিই অধিনায়ক মুশফিকের শেষ সিরিজ হয়ে যায়, ভবিষ্যতে আর কেউ জিম্বাবুয়ে সফরে দলের নেতৃত্ব চাইবেন কি না কে জানে। জিম্বাবুয়ে সফর ২০১১ সালেও যে অনেকটা একইভাবে নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটকে। ব্যর্থতার দায়ে নেতৃত্ব থেকে সেবার বোর্ডই সরিয়ে দিয়েছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালকে।