ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে শ্রেষ্ঠত্বের লড়াই চলছেই। ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবার মুখোমুখি এই দুই দল। এই টুর্নামেন্টে এরই মধ্যে দুবার খেলা হয়ে গেছে তাদের। দুই মাস ধরেই হচ্ছে। তাই এই দুই দলের কাছেই প্রতিপক্ষের কোনো কিছু আর অজানা নেই। একে অন্যের শক্তি-দুর্বলতা সবই জানা।ভারতে হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে দেখা গেছে এই দুই দলের ব্যবধান সামান্যই। তাই আজ যে দল মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে, শিরোপা উঠবে তাদের হাতেই। হ্যাঁ, ফিল্ডিং একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে, যে জায়গাটায় লঙ্কানরা ভারতীয়দের চেয়ে ঢের বেশি আত্মনিবেদন দেখিয়েছে। কোহলি, জাদেজা, রায়না ও যুবরাজের মতো বিশ্বের সেরা ফিল্ডারদের কয়েকজন আছে ভারতীয় দলে। ধোনির কিপিংও দুর্দান্ত মানের। গম্ভীর, হরভজন আর শেবাগও থ্রোয়িংও ভালো। কিন্তু শেষের ওভারগুলোতে বাউন্ডারি লাইনে বাড়তি প্রচেষ্টার প্রশ্নেই পিছিয়ে পড়ছে ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে যেটি নির্ধারক হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যা দূর করতে পারলে ভারত সত্যিকারের এক অজেয় দল হয়ে উঠবে। কারণ ব্যাটিং-বোলিংয়ে তারা বিশ্বমানের।গত দুই ম্যাচে কুশলী বোলিং করে দলে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করেছে অমিত মিশ্র। ওকে ফাইনালে নেওয়ার ব্যাপারটা ধোনি আর সফর-নির্বাচকদের তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেই হবে। সীমিত ওভারের ম্যাচে একজন লেগ স্পিনার ম্যাচের গতি পাল্টে দিতে পারে। এই ঝুঁকিটা ধোনির তাই নেওয়াই উচিত।ভারতের দুশ্চিন্তা বলতে যুবরাজ সিংয়ের ফর্ম। দুটো ম্যাচে ও ভুল লাইনে খেলে আউট হয়েছে। ও দারুণ এক খেলোয়াড়, এদের ফর্মে ফিরতে খুব বেশি সময় লাগে না। তবে ওর বোলিং দলের বেশ কাজে আসছে। ধোনিকে বাড়তি একটা বিকল্পও এনে দিয়েছে তা।সবচেয়ে তৃপ্তিদায়ক বিরাট কোহলির ফর্ম। সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে ও। প্রচণ্ড প্রাণশক্তি নিয়ে ব্যাটিং করছে। গম্ভীর অবশ্য এখনো ছন্দে ফেরেনি। সেই ছন্দ ফিরে পেতে ও কঠোর পরিশ্রমও করছে। ব্যাটিং নিয়ে ভারতের তেমন দুশ্চিন্তা নেই। জহির ফাইনালে দলে ফিরলে বোলিং আক্রমণটাও ভালোই হবে।অবশ্য প্রতিপক্ষ দলে দিলশান, সাঙ্গাকারা, সামারাবীরা, জয়াবর্ধনের মতো কেউ থাকলে পৃথিবীর কোনো বোলিং আক্রমণই আর নিরাপদ বোধ করতে পারে না। এই কজন যদি নিজের খেলাটা খেলে, আর থারাঙ্গাও যদি উইকেটে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে—লঙ্কানদের পক্ষে বিশাল স্কোর করা সম্ভব। পেরেরার কথাও বলতে হবে, শেষের ওভারগুলোতে যেকোনো বোলিং আক্রমণ তছনছ করে দিতে পারে ও। সব মিলিয়ে তাই দারুণ একটা ফাইনালেরই আভাস পাওয়া যাচ্ছে।বহুজাতিক টুর্নামেন্টে ভারতের চেয়ে শ্রীলঙ্কার সাম্প্রতিক রেকর্ড ভালো। যদিও আজকের ফাইনালটাই বলে দেবে, দু মাস ধরে একে অন্যের বিপক্ষে টুকরো টুকরো লড়াইয়ে নামা এই দুই দলের মধ্যে আসলেই কোন দল ওয়ানডেতে সেরা।