দারুণ খুশি মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চব্বিশ বছর পর দল সেমিফাইনালে। খুশিতে আত্মহারা হতেই পারেন মেসি!
চব্বিশ বছর পর দল সেমিফাইনালে। খুশিতে আত্মহারা হতেই পারেন মেসি!

চব্বিশ বছরের কোয়ার্টার ফাইনালের গেরো শেষমেশ খুলেছে আর্জেন্টিনা। স্বস্তির নিঃশ্বাস তো এবার ফেলতেই পারেন লিওনেল মেসি। তবে শুধু দুই যুগ বাদে সেমিফাইনাল খেলাই নয়, মেসিকে স্বস্তি দিয়েছে আর্জেন্টিনার মাঠের খেলাও। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচেই তাঁর এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সেরা খেলাটা খেলেছেন বলে মনে করেন আর্জেন্টিনার শিরোপা জয়ের এই স্বপ্ন-সারথি।

কালকের আগ পর্যন্ত আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল গঞ্জালো হিগুয়েইন। সাত মিনিটে হিগুয়েইনের গোলটিই মেসির কাছে তাই ম্যাচের অসাধারণতম মুহূর্তের মর্যাদা পেয়েছে। আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক সমর্থকের মনে প্রশ্ন থাকলেও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা তাঁর কাছে তৃপ্তিরই, ‘আমরা অবশ্যই আজ একটি দারুণ ম্যাচ খেলেছি। এই ম্যাচে কৌশলগত দিক দিয়ে আমরা ছিলাম সফল। হয়তো খুব বেশি গোলের সুযোগ সৃষ্টি করতে পারিনি, কিন্তু প্রতিপক্ষকেও তা করতে দিইনি।’

সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি কোনোক্রমে জেতায় বেশ সমালোচনা ছিল আর্জেন্টিনার খেলা নিয়ে। গত ম্যাচে সেই সমালোচনা সামাল দিয়ে বেশ ভালোভাবেই দল ‘জ্বলে’ উঠেছে বলে অভিমত মেসির। তাঁর ভাষায়, ‘এই ম্যাচে আর্জেন্টিনার জ্বলে ওঠাটা দারুণ কিছুই।’ ২৪ বছর পর সেমির আনন্দ মেসির কাছে তাই অন্য রকম, ‘আমরা অনেক বছর এই সাফল্য পাইনি। এই বাধাটা খুব কঠিন ছিল। আমরা বাধাটা পেরোতে পেরেছি।’

কালকের ম্যাচে আর্জেন্টিনা কি কিছুটা মেসিনির্ভরতা কাটাতে পেরেছে? খেলা দেখে অন্তত সেটাই মনে হয়েছে। কালকের পারফরম্যান্স হয়তো গুরুদায়িত্বের বোঝা অনেকটাই নামিয়ে দিয়েছে এই মহাতারকার কাঁধ থেকে। তাহলে আর কী! সেমিফাইনালে তিনি নিশ্চয়ই মাঠে নামবেন, নির্ভার হয়ে, নিজের সেরাটা নিংড়ে দিতেই। ২৮ বছর পর বিশ্বকাপ জিততে আর যে মোটে দুটো ম্যাচ বাকি!