দারুণ জয়ে বায়ার্ন ধরল ডর্টমুন্ডকে

ক্লাবের নাম শালকে জিরো ফোর। পরশু রাতে ভেল টিনস অ্যারেনার ম্যাচ শেষে ওই নামের পাশে আরও একবার ‘জিরো ফোর’ লিখতে হলো। জিরো মানে শূন্য থাকল শালকের দিকে, চার লেখা হলো বায়ার্ন মিউনিখের পাশে। গুনে গুনে চার গোলে শালকেকে উড়িয়ে দিল পেপ গার্দিওলার দল। নিজের মাঠে ৩২ বছর পর এমন জঘন্য হারের স্বাদ পেল শালকে। এর আগে ১৯৮১ সালে বোখুমের কাছে তারা হেরেছিল ৬-০ গোলে! বায়ার্নের দুর্দান্ত জয়ের রাতে বুন্দেসলিগায় নতুন মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। গ্রানডিগ স্টেডিয়ামে নুরেমবার্গের সঙ্গে ইয়ুর্গেন ক্লপের দল ড্র করেছে ১-১ গোলে। লিগে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরা পয়েন্ট হারানোয় আদতে লাভ হয়েছে বায়ার্নেরই। চতুর্থ ম্যাচে ফ্রেইবুর্গের সঙ্গে ড্র করা বায়ার্ন পরশু রাতের পর পয়েন্টে ছুঁয়েছে ডর্টমুন্ডকে। ৬ ম্যাচে দুই দলেরই এখন পয়েন্ট ১৬, গোল ব্যবধানও সমান। বায়ার্ন-শালকে ম্যাচের আরও একটা আকর্ষণ ছিল বোয়াটেং ভাইদের লড়াই। তবে গত বিশ্বকাপের জার্মানি-ঘানা ম্যাচের মতো এবারও ছোট ভাই জেরোম বোয়াটেংয়ের কাছে হার মানতে হলো শালকের কেভিন প্রিন্স-বোয়াটেংকে। শুরুটা করেছিলেন চোট কাটিয়ে ফেরা বাস্তিয়ান শোয়েইনস্টেইগার, তারপর একে একে বায়ার্নের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন মারিও মানজুকিচ, ফ্রাঙ্ক রিবেরি আর বদলি হিসেবে নামা ক্লদিও পিজারো। প্রতিপক্ষের মাঠে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে পাওয়া এমন দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত পেপ গার্দিওলাও, ‘এটা বুন্দেসলিগায় এই মৌসুমে আমাদের সেরা ম্যাচ। জার্মানির অন্যতম সেরা একটা দলের বিপক্ষে আমরা পুরো আধিপত্য নিয়ে খেলেছি।’ এএফপি।
স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি আর মিডফিল্ডার হেনরিক মেখিতেরিয়ানকে বেঞ্চে রেখে নুরেমবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল ডর্টমুন্ড। লেভানডফস্কি নেমেছেন ৬৫ মিনিটে। কিন্তু ততক্ষণে ম্যাচে ১-১ সমতা। বাকি সময়টায় আর দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি। তবে লিগে প্রথম পয়েন্ট হারালেও মুষড়ে পড়েছেন না ডর্টমুন্ড কোচ ক্লপ, ‘আমরা আরেকটু ভালো খেলতে চেয়েছিলাম। কিন্তু ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।’