
শীতের সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামকে দেখে মনে হচ্ছিল ‘বিয়েবাড়ি’। চারদিকে রঙিন আলোর রোশনাই। লাল-নীল জোনাকি বাতি জ্বলছে। স্টেডিয়ামের ভেতরে একটু পরপর দর্শকদের গগনবিদারী চিৎকার। কণ্ঠে একটাই আওয়াজ, ‘বাংলাদেশ, বাংলাদেশ’। সচরাচর মিরপুর ইনডোরে খেলা চলাকালে দর্শকদের আনাগোনো তেমন চোখে পড়ে না। কিন্তু কাল গ্যালারি প্রায় উপচে পড়েছিল দর্শকে। তা দিন শেষে হাসিমুখেই বাড়ির পথ ধরেছে প্রায় আড়াই হাজার দর্শক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে হারিয়েছে শক্তিশালী আফগানিস্তানকে।
প্রতিযোগিতাটা এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনের। অথচ বড় এই টুর্নামেন্টটির আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। তবে নতুন পাঁচ খেলোয়াড় রাশেদ খান, ইমরান হায়দার, মোহাম্মদ ফখরুদ্দিন, শফিকুর রহমান ও ইমদাদুল হককে নিয়ে প্রথম ম্যাচে ভালোই খেলল বাংলাদেশ। প্রথম সেটটি ২৫-১৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরের সেটটি ঘুরে দাঁড়িয়ে আফগানরা জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। তবে পরের দুটি সেটই জিতেছে বাংলাদেশ—স্কোর ২৫-১৬ ও ২৫-১৯ পয়েন্ট। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাঈদ আল জাবির। বাংলাদেশের পরের ম্যাচটি আজ, প্রতিপক্ষ নেপাল।
শুরুতেই আফগানদের হারাতে পেরে উচ্ছ্বসিত আল জাবির, ‘ঘরের মাঠে খেলা বলে প্রথম ম্যাচ নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে নতুন হিসেবে ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। গত দক্ষিণ এশিয়ান গেমসে আমরা আফগানিস্তানকে হারিয়েছিলাম। তাই এবারও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম।’ ম্যাচসেরা হলেও নিজের পারফরম্যান্সে খুব খুশি নন জাবির, ‘আমার খেলায় মোটেও সন্তুষ্ট নই। আমাকে আরও ভালো খেলতে হবে।’
প্রতিযোগিতা শুরুর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আজিজ নৃত্যকলা একাডেমির ৫০ জন ছেলেমেয়ে। ২৫ মার্চ কাল রাত থেকে নয় মাসের মুক্তিযুদ্ধের সব ইতিহাস উঠে আসে এই অনুষ্ঠানে। ছয় দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।