দারুণ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সফরেই অভিষেক, বয়স মাত্র ২৩। প্রচণ্ড চাপের মধ্যে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন ৩৬ বলে। ড্রেসিংরুমে লাফিয়ে উঠলেন সতীর্থরা। অভিবাদনের জবাব দেওয়া বা খানিকটা ব্যাট তোলা দূরে থাক, তিনি সেদিকে ফিরেও তাকালেন না। দুই বল পর জুনাইদকে গ্যালারিতে পাঠিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়। এবার উদ্যাপনের পালা, ড্রেসিংরুমের দিকে তাকিয়ে গলা ফাটানো চিৎকারে যেন শারজা স্টেডিয়াম কাঁপিয়ে তুললেন গ্লেন ম্যাক্সওয়েল!স্রেফ একটা সিরিজ জয়। কিন্তু অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তখন যেন বিশ্বজয়ের উৎসব! সবার আগে লাফিয়ে উঠলেন মাইক হাসি, এমনিতে যাঁর পরিচয় একটু নিরাবেগ মানুষ হিসেবেই। ম্যাক্সওয়েল যখন গর্জন ছুড়ছেন মাঠে, হাসিদের বড় ভাইয়ের গর্জন তখন ড্রেসিংরুমে। একজন অভিজ্ঞ, আরেকজন নবীন। একজনের ৩৯তম ফিফটি, আরেকজনের প্রথম। প্রচণ্ড গরম, মন্থর উইকেট, স্পিন মিছিল আর রান তাড়ার চাপ—সবকিছু জয় করে সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে অসাধারণ এক জয় এনে দিল দুই প্রজন্মের দুজনের দারুণ দুটি ইনিংস।আর পাকিস্তান? অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও ১০ বছরের সিরিজ জয়ের খরা কাটাতে পারল না একটু সাহস, একটু দূরদৃষ্টির অভাবে। আজমলের বলে শূন্য রানেই এলবিডব্লু ছিলেন মাইক হাসি, আম্পায়ার বিলি বাউডেন আউট দেননি, পাকিস্তানিরাও রেফারেল নেওয়ার সাহস দেখাননি। পরে সেই হাসিই ৬৫ রান করে ম্যাচসেরা।সাঈদ আজমল রহস্যে আবারও খাবি খাচ্ছিল অস্ট্রেলিয়া। প্রথম ৫ ওভারে ১১ রানে ৩ উইকেট। প্রতিটি বলই যেন সম্ভাবনা জাগাচ্ছিল উইকেটের। অথচ নিজের ব্রহ্মাস্ত্রকে আক্রমণ থেকে সরিয়ে নিলেন মিসবাহ। এই সুযোগে ওয়েডকে নিয়ে দলের ভাঙাচোরা ইনিংসটা মেরামত করলেন হাসি। আজমল যখন দ্বিতীয় স্পেলে ফিরলেন, ম্যাচ তখন প্রায় ফসকেই গেছে!পাকিস্তানের ভুল ছিল আরও। ডেভিড হাসির ক্যাচ ছেড়েছেন আফ্রিদি, ক্লার্ককে দারুণ ক্ষিপ্রতায় স্টাম্পিং করলেও ওয়েডকেও স্টাম্পিং করার সহজ সুযোগ নষ্ট করেছেন কামরান আকমল, ম্যাক্সওয়েলের ক্যাচ ছেড়েছেন আজহার, সরাসরি থ্রোতে রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে বেশ কবার। কিন্তু এসব তো ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের নিত্যসঙ্গী! হারের ময়নাতদন্তে রেফারেল আর আজমলকে সরানোই তাই বড় হয়ে উঠছে। একমাত্র রেফারেলটা পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত নিতেই পারেনি! আর শেষের কথা ভেবে আজমলকে আক্রমণ থেকে সরানো, অথচ শেষ পর্যন্ত আজমলের এক ওভার বাকিই থেকে গেল!অস্ট্রেলিয়া জিতেছে কৌশলেও। চার স্পিনার নিয়ে নেমেছিল পাকিস্তান, স্পিনে ভালো ডেভিড হাসিকে তাই ওপেনিংয়ে পাঠান ক্লার্ক। ৬৪ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম ওপেন করতে নেমে ৪৩ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন ছোট হাসি। আজমলকে সাবধানে খেলে অন্য স্পিনারদের ওপর চড়াও হওয়ার কৌশলটাও কাজে লেগেছে। এমনিতে ভীষণ কিপটে হাফিজ ও আফ্রিদিও তাই পরশু বেশ খরুচে। হাফিজকে দুবার স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন ডেভিড হাসি, বড় ভাইও পাঠিয়েছেন একবার। পরশু বল হারিয়েছে আরও একবার, রেহমানকে উড়িয়ে স্টেডিয়ামের বাইরে ফেলেছেন ওয়ার্নার। আজমলের জাদুতে ১ উইকেটে ৮৮ থেকে তবু ৪ উইকেটে ১০৮ হয়ে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে ওয়েডের সঙ্গে হাসির ৫১ রানের পঞ্চম উইকেট জুটি, ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েলের সঙ্গে ৫৪ বলে ৬৭!বোলিং-ফিল্ডিংয়ের আক্ষেপগুলো হয়তো সঙ্গী হতো না পাকিস্তানের, যদি ব্যাটিংয়ের শেষটা শুরুর মতো হতো। ১২৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন হাফিজ ও জামশেদ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ ম্যাচে পাকিস্তানের যেটি মাত্র দ্বিতীয় শতরানের উদ্বোধনী জুটি (প্রথমটি ১৪১ রানের, ১৯৮৫)। একসময় মনে হচ্ছিল, ২৮০-৮৫ হয়ে যাবে অনায়াসেই। কিন্তু স্টার্ক-জনসনের দারুণ বোলিং আর নিজেদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে পথ হারিয়ে হয়নি আড়াই শও। তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ২৪৪/৭ (হাফিজ ৭৮, জামশেদ ৪৮, আফ্রিদি ৭, শফিক ২৭, মিসবাহ ২৫, উমর ০, আজহার ২৭*, কামরান ২, রেহমান ১২*; স্টার্ক ৪/৫১, জনসন ২/৩৩, ক্লার্ক ১/৩)। অস্ট্রেলিয়া: ৪৭ ওভারে ২৫০/৭ (ওয়ার্নার ২১, ডেভিড হাসি ৪৩, ক্লার্ক ৩২, মাইক হাসি ৬৫, বেইলি ১, ওয়েড ২২, ম্যাক্সওয়েল ৫৬*, ক্রিস্টিয়ান ২, জনসন ১*; আজমল ৩/৩৭, রেহমান ২/৪১, জুনাইদ ২/৪২)। ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী (সিরিজ ২-১-এ জয়ী)। ম্যান অব দ্য ম্যাচ: মাইক হাসি। ম্যান অব দ্য সিরিজ: মিচেল স্টার্ক।