দারুণ প্রস্তুতি আর ‘স্মার্ট’ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট আর ওয়ানডের গভীর সমুদ্রে বাংলাদেশ যখন হাবুডুবু খাচ্ছিল, টি-টোয়েন্টির জন্ম তখনই। মনে হচ্ছিল বাংলাদেশকে স্বস্তি দিতেই বুঝি ক্রিকেটের এই সংস্করণের জন্ম। টেস্টে প্রথম জয়ের স্বাদ পেতে লেগেছে ৩৩ ম্যাচ, ওয়ানডেতে ২৩। সেখানে টি-টোয়েন্টিতে অভিষেকেই জয়, প্রথম ৪ ম্যাচে তিনটিতেই জয়! ওই স্বপ্নযাত্রা শেষ হতে খুব বেশি সময় লাগেনি। পরাজয়ের ধারা সেই যে শুরু হলো, থামার নাম নেই। টেস্ট (২১) ও ওয়ানডের (২১) মতো তাই টি-টোয়েন্টিতেও টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের (‘অপরাজিত’ ১২) লজ্জা বাংলাদেশের। মুশফিকুর রহিমের নেতৃত্বে নতুন বাংলাদেশ কি পারবে পরাজয়ের এই বৃত্ত ভাঙতে?টি-টোয়েন্টিতে এমনিতেই ‘ফেবারিট তত্ত্ব’ খুব একটা খাটে না। বাংলাদেশ সেখানে ঘরের মাটিতে পেয়েছে এমন এক দলকে, র‌্যাঙ্কিংয়ে যারা মাত্র এক ধাপ ওপরে, ‘আনপ্রেডিক্টেবল’ খেতাবটা পাকিস্তানের পাশাপাশি এখন যাদের সঙ্গী। জয়ে ফেরার সেরা সুযোগ হয়তো এটাই। কিন্তু কাজটা কি সহজ? অমন চমকে দেওয়া শুরুর পরও যে বাংলাদেশকে যে একের পর এক হারের মালা গলায় পরতে হচ্ছে, এর মূল কারণ টি-টোয়েন্টির ভাষাটা রপ্ত করতে না পারা। যা-ও একটু রপ্ত হয়েছিল, সেটাও এত দিনে ভুলে বসে থাকার কথা। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ খেলেছিল যে বছর দেড়েক আগে!কারণ আছে আরেকটি। সফরের শুরুর দিনটি থেকেই ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার, কোচ, অধিনায়ক বারবার বলছেন, তাদের প্রস্তুতি হয়েছে দারুণ। স্যামি কাল আবারও প্রস্তুতির বিস্তারিত বর্ণনা দিলেন, ‘প্রস্তুতি শুরু হয়েছিল বারবাডোজে, সপ্তাহ দুয়েকের ক্যাম্প হয়েছিল। এরপর ইংল্যান্ডে দুটি টি-টোয়েন্টির ছোট্ট সফর থেকে সরাসরি দুবাইয়ে সপ্তাহ খানেকের ক্যাম্প। ওখানকার প্রচণ্ড গরমে আমরা অনেক ঘাম ঝরিয়েছি। এখানে এসেও অনেক কষ্ট করেছি, প্রস্তুতি ম্যাচগুলোয় যেটার প্রতিফলন পড়েছে।’ বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছি না—এটা যে স্যামিরা সৌজন্য দেখিয়ে বলছেন না, তার প্রমাণ পাওয়া গেছে তাদের প্রতিটি অনুশীলন সেশনে, প্রস্তুতি ম্যাচগুলোতেও। ‘সব কষ্ট সার্থক হবে যদি আমরা কাল জয় দিয়ে সিরিজটা শুরু করতে পারি’—স্যামির কথায়ও পরিষ্কার, ম্যাচটাকে কীভাবে নিচ্ছেন তাঁরা।স্টুয়ার্ট ল অবশ্য টি-টোয়েন্টিতে জয়-খরা কাটানোর একটা ফর্মুলা বের করেছেন, ‘স্মার্ট’ ক্রিকেট খেলা। শিষ্যদের বুঝিয়েছেন, ‘টি-টোয়েন্টি মানেই বলে বলে চার-ছয় নয়। এখানেও ইনিংস গড়ার যথেষ্ট সময় পাওয়া যায়। মূল জিনিসটা ক্রিকেটের অন্য সংস্করণগুলোর মতোই, গ্যাপে বল ঠেলে, এক-দুই নিয়ে রান বাড়াতে হবে, আর উপযুক্ত শাস্তি দিতে হবে বাজে বলের।’ এটা কোনো মহাকাশবিজ্ঞান নয়, টি-টোয়েন্টিতে বরাবরই ‘স্মার্ট’ হতে হয়। কিন্তু এটাই পারছে না বাংলাদেশ, কোনো কোনো ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়েছে প্রতিটি বলকেই গ্যালারিতে না পাঠালে বুঝি উপায় নেই। এবার কোচের মন্ত্রে যদি মনোভাব বদলায়!অধিনায়ক মুশফিক আশাবাদী, তবে বাস্তবতাটাও ভালোই বুঝতে পারছেন, ‘আমরা এমন একটা অবস্থায় আছি আমাদের আবার সবকিছু গুছিয়ে নেওয়া দরকার ভালোমতো। পরে ম্যাচ বাই ম্যাচ যাওয়া দরকার। টি-টোয়েন্টিতে আমরা এখনো অত শক্তিশালী দল নই। এখনো শিখছি। তবে ব্যাটিংয়ের কথা চিন্তা করলে গত প্র্যাকটিস ম্যাচটা আমরা অনেক ভালো খেলেছি। রাজ ভাই, সাকিবসহ আমাদের বোলাররা যদি ভালো জায়গায় বল ফেলতে পারে এবং ব্যাটসম্যানরা ভালো একটা শুরু এনে দিতে পারে যেকোনো কিছুই সম্ভব। যারা ভালো খেলবে তারাই জিতবে।’তবে টি-টোয়েন্টিতে অপরিপক্ব বাংলাদেশ নয়, স্যামির কাছে বেশি প্রাধান্য পাচ্ছে ‘ঘরের মাটির’ বাংলাদেশ, ‘দেশের মাটিতে বাংলাদেশ অবশ্যই সমীহ করার মতো দল। ওদের দলে আছে একগাদা স্পিনার। আমাদের দলে পেস-স্পিনের খুব ভালো সংমিশ্রণ আছে। সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।’ বাংলাদেশের স্পিনারদের নিয়ে আলাদা কিছু পরিকল্পনার কথা জানালেন, তবে সঙ্গে এটাও যোগ করলেন, ‘শেষ যখন আমরা এখানে খেলেছিলাম (বিশ্বকাপে), আমাদের পেসাররাই ৭ উইকেট নিয়েছিল। তবে উইকেট আসলে খুব গুরুত্বপূর্ণ নয়, সঠিক জায়গায় বল করে যাওয়াটাই আসল।’পরাজয়ের ধারা ভাঙাই শুধু নয়, সিরিজের প্রথম ম্যাচ বলেও জয়টা খুব করে চাইছেন মুশফিক, ‘আমার মনে হয়, একটা ম্যাচে যদি ভালো শুরু করতে পারি এটা ওদের ওপর চাপ হয়ে যাবে। যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে করতে পেরেছিলাম। ওরা কিন্তু অনেক ব্যালান্সড দল ছিল, প্রস্তুতিও ভালো ছিল। কিন্তু প্রথম ওয়ানডেতে আমরা জিতে যাওয়ার পর আমার মনে হয় না ওদের মধ্যে এই বিশ্বাস ছিল, ওরা আমাদের হারাতে পারবে।’ জিতলে তো ভালোই, হারলেও মুশফিকুকের জন্য একটা আশ্রয় অন্তত থাকবে, বলতে পারবেন, ‘টি-টোয়েন্টিতে তো আমরা এমনিতেই ভালো না, মূল সিরিজ শুরু এখনই!’