পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ড্র। অস্ট্রেলিয়া জুজুটা ওয়েস্ট ইন্ডিজ কাটিয়েছে আগেই। তবে টেস্ট সিরিজটাই ড্যারেন স্যামির দলের জন্য সত্যিকারের পরীক্ষা। এই পরীক্ষাতেও পাস হবে কি না, পরের বিষয়। তবে স্বাগতিকদের শুরুটা হয়েছে দারুণ। কাল শুরু হওয়া ব্রিজটাউন টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ চা-বিরতি পর্যন্ত ২ উইকেটে ১৫৮ রান। আদ্রিয়ান বারাথ ও ক্রেইগ ব্রাফেট শুরুটা করেন খুবই সাবধানিভাবে। ১৭.২ ওভারে ৩৮ রান করার পর অস্ট্রেলিয়ার প্রথম আঘাত। রায়ান হ্যারিসের বাউন্সারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে পিটার সিডলের হাতে ক্যাচ বারাথ। পরে কার্ক এডওয়ার্ডসের সঙ্গে ব্রাফেটের ১০৪ রানের জুটি। হাতের সব বোলিং অস্ত্র ব্যবহার করেও যখন এই জুটি বিচ্ছিন্ন করতে পারছিলেন না, অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তাই নিরুপায় হয়ে বল তুলে দেন ডেভিড ওয়ার্নারের হাতে। নিজের তৃতীয় ওভারেই সফল ওয়ার্নার। তাঁকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান এডওয়ার্ডস (৬১)। প্রথম আন্তর্জাতিক উইকেট প্রাপ্তির উৎসবে মাতেন ওয়ার্নার। ব্রাফেট ব্যাট করছেন ৫৩ রানে, সঙ্গী ড্যারেন ব্রাভো ১৪ রানে। ওয়েবসাইট।