প্রথম চার দিনের ম্যাচটির শুরু যেভাবে হয়েছিল, সেভাবেই হলো দ্বিতীয় ম্যাচটিরও। প্রথম দিনেই রান-বন্যা, তবে বদলে গেছে দুই দলের অবস্থান। আগের ম্যাচের প্রথম দিনেই ৪০১ রান করা দক্ষিণ আফ্রিকা একাডেমি এবার ভুক্তভোগী। ৪০০ হয়তো করতে পারেনি জিপি-বিসিবি একাডেমি, তবে এক দিনে ৩৩২ রানও নিশ্চয়ই কম নয়! অপরাজিত সেঞ্চুরি করেছেন আগের ম্যাচ না খেলা ব্যাটসম্যান আনামুল হক।আগের ম্যাচে হতাশাজনক ব্যাটিং করা জিপি-বিসিবি এবার আর অসহায় আত্মসমর্পণ করেনি দক্ষিণ আফ্রিকা একাডেমির পেসারদের বিপক্ষে। অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল হাসানের জায়গায় আনামুল ও পেসার আল আমিন হোসেনের বদলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে নিয়ে দল সাজায় জিপি-বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনার মাইশুকুরকে শূন্য রানেই বোল্ড করে দেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে। আনামুলকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন আরেক ওপেনার রনি তালুকদার। জিপি-বিসিবি মধ্যাহ্ন বিরতিতে যায় ১ উইকেটে ১২২ রান নিয়ে।দুজনের ১৩৫ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙে ৭৪ রান করে রনির আউটে। ৯১ বলের ইনিংসে ১১টি চার মেরেছেন ডানহাতি ওপেনার। রনিরটিসহ ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল জিপি-বিসিবি। শুভাগত হোম চৌধুরীকে নিয়ে বিপর্যয় কাটানোর পাশাপাশি রানের গতিটাও ধরে রাখেন আনামুল। পঞ্চম উইকেটে দুজন গড়েছেন ১২৯ রানের জুটি। ৯৮ থেকে চার মেরে আনামুল তিন অঙ্কে পৌঁছান ১৮১ বলে। ৭ চার ও ১ ছয়ে ৭০ করে আউট হন শুভাগত। এরপর আসিফ আহমেদের সঙ্গে জুটি না জমলেও আলাউদ্দিন বাবুকে নিয়ে দিনটা ভালোভাবেই পার করেছেন আনামুল। উইকেটকিপার ব্যাটসম্যান দারুণ খেলেছেন সেঞ্চুরির পরও। ‘যথেষ্টই হয়েছে’ ভেবে উইকেট ছুড়ে না দিয়ে আগলে রেখেছেন এক পাশ, সেঞ্চুরির পরের ৭৯ বলে করেছেন ২৭ রান!সংক্ষিপ্ত স্কোর: জিপি-বিসিবি একাডেমি ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৩২/৬ (মাইশুকুর ০, রনি ৭৪, আনামুল ব্যাটিং ১২৭, মিঠুন ১, মমিনুল ৪, শুভাগত ৭০, আসিফ ১৭, আলাউদ্দিন ব্যাটিং ১৬; সিমেটু ২/৪৫, ডি ল্যাঙ্গে ২/৮০, হিউম ১/৫৪, ভিলিওন ১/৮৪)।