দায় খেলোয়াড়দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অ্যাথলেটিকস চলছে। সরগরম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। অ্যাথলেট-কর্মকর্তা-বিচারক-মিডিয়ার উপস্থিতি পরিবেশটায় ছড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ। সেই উৎসবে খুবই বিবর্ণ দেখায় বছর পাঁচেক আগে স্থাপিত অ্যাথলেটিকস ট্র্যাকটাকে। গত দুদিন এই ট্র্যাক দেখে শুধুই দীর্ঘশ্বাস ঝরেছে অ্যাথলেটিকস-সংশ্লিষ্ট ব্যক্তিদের। ছোট-বড় মোট ২২টি গর্ত। কারা এর জন্য দায়ী?ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পরশু জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করতে এসে এর একটা উত্তর দিয়ে গেছেন। খেলোয়াড়দের দায়ী করেছেন তিনি। তাঁর মন্তব্য ছিল এ রকম, ‘এই ট্র্যাকটা তো আসলে খেলোয়াড়েরাই নষ্ট করেছে।’ খেলোয়াড় বলতে তিনি ফুটবলার না অ্যাথলেটদের বুঝিয়েছেন, তা খোলাসা করেননি। এই মাঠে বছরে হাতে গোনা কয়েকটা দিন পা দেওয়ার সৌভাগ্য হয় অ্যাথলেটদের। আর বলতে গেলে সারা বছরই ফুটবলাররা এখানে ম্যাচ খেলেন। ফুটবলারদের বুটের স্পাইক এমন যে, হাজার হাঁটাচলা করলেও ট্র্যাকের ক্ষতি হয় না। অ্যাথলেটরা ট্র্যাক নষ্ট করবেন কি, এটার ওপর দিয়ে বছরে একদিন দৌড়াতে পারলেই তাঁদের জনম সার্থক ভাবেন!তাহলে মন্ত্রী যে বললেন! কথাটা তোলা হলো অ্যাথলেট গড়ার কারিগর হিসেবে পরিচিত রফিকউল্লাহ মিলনের সামনে। তাঁর কণ্ঠে বিস্ময়, ‘কী যে বলেন। এটার ওপর অ্যাথলেটরা হাজারবার দৌড়ালেও ট্র্যাকের কিছু হবে না।’ কাল বিকেলে জাতীয় অ্যাথলেটিকস চলার ফাঁকে ক্ষত ট্র্যাক দেখে নোয়াখালীর এই গুণী কোচ বলছিলেন, ‘আসলে এখানে কনসার্ট-টনসার্ট হয়েছে তো। সেই থেকেই গর্ত হয়েছে।’স্টেডিয়ামের পল্টন প্রান্তে এসে থমকে দাঁড়াতে হয় সবাইকে। প্রায় দুই ফুট আলগা হয়ে গিয়েছে ট্র্যাক। ক্রমশ ফাটলটা বাড়ছে। টান দিলেই বেরিয়ে আসছে। পাশেই প্রায় এক ফুট চিড়। সেটি দেখতে এলেন অ্যাথলেটিকস ফেডারেশনের দুই কর্মকর্তা আলী ইমাম তপন ও মনজুর মোরশেদ। ‘আজ দেখতে এলেন! এত দিন কী করেছেন আপনারা?’ ঝাঁজালো প্রশ্ন মাটিতে পড়তে দিলেন না সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম। তাঁর জবাব, ‘সেই প্রথম থেকেই আমরা এই অবস্থার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু ফেডারেশনের কী করার আছে। ফেডারেশনের কথা কে শোনে ভাই!’ গত বছরের ফেব্রুয়ারিতে এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কর্মযজ্ঞের প্রসঙ্গটা উঠল। সেই অনুষ্ঠানের জন্য কয়েক টন ভারী যন্ত্রপাতি নিয়ে স্টেডিয়ামের ভেতর গাড়ি ঢুকেছে। সে সময় এ নিয়ে কথাও হয়েছে। কিন্তু জাতীয় অনুষ্ঠানের স্বার্থে বেশি উচ্চবাচ্য হয়নি। তারপর এই কদিন আগে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানের কয়েক দিন পর বিশাল কনসার্ট, ট্র্যাকের দুরবাস্থার জন্য যেটির ‘অবদান’ দেখছেন অ্যাথলেটিক্স-সংশ্লিষ্ট ব্যক্তিরা।বলিউড তারকা সালমান খানরা রাতে অনুষ্ঠান করলেন। এই দুদিন আগে আরেকটা কনসার্ট হয়েছে। এটি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সদ্যই দেশের দ্রুততম মানবীর আসন ফিরে পাওয়া নাজমুন নাহার বিউটির বিশ্বাস, ‘এসব কনসার্টের যন্ত্রপাতি আনা-নেওয়া ইত্যাদির কারণে ট্র্যাকের ক্ষতি হয়েছে। ট্র্যাকে খুঁটি পর্যন্ত গেড়েছে। ট্র্যাক তো নষ্ট হবেই।’আর ক্রীড়া প্রতিমন্ত্রী কি না দোষ দিলেন খেলোয়াড়দের! প্রসঙ্গটা সাবেক অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনের কাছে তোলা হলো। জাতীয় অ্যাথলেটিকসের বিচারকের আসনে ছিলেন কাল দিনভর। তপ্ত রোদে এমনিতেই হাঁসফাঁস অবস্থা। মন্ত্রীর মন্তব্য শুনে খানিক রেগেই উঠলেন সুফিয়া, ‘কে বলেছে খেলোয়াড়েরা নষ্ট করেছে? এগুলো কোনো কথা নাকি! কনসার্ট-টনসার্ট করেই ট্র্যাকটার বারোটা বাজানো হয়েছে।’দুই দিনের জাতীয় অ্যাথলেটিকস শেষ করার প্রস্ততি তখন চলছিল। একই রঙের শাড়ি পরা একদল তরুণী অপেক্ষায় রয়েছে পদক বিতরণী অনুষ্ঠানের অতিথির সঙ্গে যাওয়ার। বাহ্যিক চাকচিক্যের আড়ালে অ্যাথলেটদের পারফরম্যান্স আগের চেয়ে আরও খারাপ। তারই মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত কাচঘেরা ভিআইপি বক্সে ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম অতিথি আপ্যায়নে ব্যস্ত। ট্র্যাকের দুরাবস্থা নিয়ে কথা বলতে চাইলে বললেন, ‘পরে’।অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি সাবেক সচিব এ এস এম আলী কবির ছিলেন সেখানেই। ট্র্যাকের দুরবস্থায় ব্যথিত দেখাল কবিরকে, ‘এখানে কনসার্ট হওয়ায় ট্র্যাকের সমস্যা হয়েছে। আমরা এনএসসিকে বিষয়টা জানিয়েছি। দেখা যাক কী করে এনএসসি।’ এনএসসির সচিব কাল ট্র্যাক দেখে গিয়েছেন। মুঠোফোনে ছবিও তুলে নিয়েছেন ক্ষত হয়ে যাওয়া স্থানগুলোর। ক্রীড়া প্রশাসনের এই উদ্যোগ বা পর্যবেক্ষণ আগে থাকলে ১০ কোটি টাকার ট্র্যাকের এমন বেহাল দশা হয় না—সেটি তো না বললেও চলছে!