দায় চাপল পেসারদের ওপরই
লর্ডস টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান যেটা বলেছেন, ম্যানচেস্টার যাওয়ার আগে দলের মধ্যেও ঘুরেফিরে এসেছে সেই আফসোসটাই—বোলাররা যদি আরেকটু ভালো বল করত...যদি ঠিক জায়গায় বল ফেলত!টেস্টটা তাতে সত্যি সত্যি ড্র হতো কি না কে জানে, তবে ড্র না হওয়ার এই একটা কারণই খুঁজে পাওয়া যাচ্ছে আপাতত এবং সেটা তুলে দিচ্ছে পুরোনো একটা প্রশ্নটা—আর কত দিন সংকটাপন্ন হয়ে থাকবে বাংলাদেশের পেস বোলিং?বাংলাদেশ দল যে গরিবের সংসার, সেটা সবাই জানে। চাল কিনলে ডাল নেই, ডাল কিনলে তেল। যেদিন বোলিং ভালো হয়, সেদিন ব্যাটিং নিয়ে হাহাকার ওঠে। যেদিন ব্যাটিং ভালো হয়, সেদিন যেন বোলারদের খুঁজেই পাওয়া যায় না! আর ব্যাটিং-বোলিং দুটোই মোটামুটি হলে ফিল্ডাররা নামেন হাতে সাবান মেখে। তবে পেস বোলারদের এবারকার দুঃসময়টা একটু বেশিই লম্বা হয়ে যাচ্ছে। সেই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই জোড়াতালি দিয়ে চলছে পেস আক্রমণ। কেউ পারফরম্যান্সের কারণে, কেউ বা ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে যাচ্ছেন, এই সুযোগে হয়তো অভিষেকই হয়ে যাচ্ছে কারও! বাংলাদেশের পেস আক্রমণের চেহারাটা তাই ইংল্যান্ডের আবহাওয়ার মতো—সদা পরিবর্তনশীল।লর্ডস টেস্টে ড্র যে হাতছানি দিয়েও হতাশায় মিলিয়ে গেল, সেটার জন্য পেস বোলারদের ব্যর্থতাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক। পরশু সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ঠিক জায়গায় বল ফেলতে পারিনি, সেটাই মূল সমস্যা। তা ছাড়া প্রতিপক্ষ সাত শ রান করে ফেললে ম্যাচ জেতা খুব কঠিন।’পেস বোলারদের ব্যর্থতার দিনে মাশরাফি বিন মুর্তজার নামটা বড় বেশি মনে পড়লেও ইনজুরির ভয়ে তিনি আপাতত টেস্ট ক্রিকেট থেকেই নির্বাসন নিয়েছেন। ২০১১ বিশ্বকাপ আসছে, এখন দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলে ইনজুরির ঝুঁকি বাড়াতে চান না মাশরাফি। মাশরাফির অনুপস্থিতিতে যাঁর ওপর বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্ব থাকার কথা, লর্ডসে ৫ উইকেট পেলেও সেই শাহাদাত হোসেন নিজেই এখনো ততটা পরিণত নন। বাকি পেসারদের মধ্যে কে কখন ফর্মে থাকে, সেটা বোঝাই মুশকিল। নতুন হিসেবে শফিউল যথেষ্ট ভালো বোলিং করলেও লর্ডস টেস্টের আগে টিম ম্যানেজমেন্টের মনে হলো, শফিউল ব্রেক থ্রু দিতে পারছেন না। তাই অভিষেক হয়ে গেল রবিউল ইসলামেরও। তিন প্র্যাকটিস ম্যাচে ১২ উইকেট পেলেও টেস্টে এসে তিনি কি না বল ফেলার জায়গায়ই খুঁজে পেলেন না, উইকেট পাওয়া তো দূরের কথা। এমন একটা দুঃসময়ে দলে কোনো অভিভাবকও নেই পেস বোলারদের। সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে চলে গেছেন চুক্তি নবায়নের শর্তে না মেলায়।তবে বোলিং কোচ থাকলেই যে সমস্যা মিটে যেত, এমন নয়। তার চেয়ে বরং সাকিব আল হাসানের কথাটাতেই মাথায় নেওয়া উচিত বোলারদের, ‘এ ধরনের কন্ডিশনে বল করার জন্য আমাদের বোলিংয়ে অবশ্যই উন্নতি করতে হবে। এমনিতে আমরা স্পিনারদের ওপরই বেশি নির্ভরশীল হলেও এ ধরনের কন্ডিশনে ফাস্ট বোলারদের ওপর নির্ভর করতে হয়। ফাস্ট বোলারদের জন্যই এই টেস্টে বড় সমস্যা হয়ে গেল।’ বোলারদের দেখাতে অধিনায়ক উদাহরণ টেনেছেন ইংল্যান্ড দলেরও, ‘৫০ ওভারের পরও ওদের বোলাররা ভালো বল করেছে, জায়গামতো বল ফেলেছে।’লর্ডসে ড্রয়ের স্বপ্নপূরণ না হওয়ার কিছুটা দায় মিডল-অর্ডার ব্যাটসম্যানদেরও দিয়েছেন সাকিব। পরিকল্পনা এলোমেলো হয়ে যাওয়ার কথা, এক সেশনে ৫ উইকেট হারানো—এসবও এসেছে তাঁর ময়নাতদন্তে।জয়টা শেষ পর্যন্ত ৮ উইকেটের হলেও লর্ডসে জেতাটা যে সহজ ছিল না, সেটা মানছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও। সে জন্য বাংলাদেশকে পিঠ চাপড়েও দিচ্ছেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে, তাতে তাদের কৃতিত্ব দিতেই হয়। তাদের অনেক ব্যাটসম্যানেরই স্ট্রোক খেলার মতো আত্মবিশ্বাস আছে, সে কারণেই ওরা আমাদের এতটা কাছে আসতে পেরেছে।’লর্ডস টেস্টে আর একটা উপলব্ধিও হয়েছে স্ট্রাউসের—এই খেলাটা ঠিক ইংল্যান্ডের নয়। ইংল্যান্ডকে এর চেয়েও অনেক ভালো খেলতে হবে। সেই ভালোটা হয়তো ৪ জুন থেকে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই দেখতে চাইবেন তিনি। যদিও এই টেস্টে ইংল্যান্ড হারাচ্ছে বাঁ পায়ে চোট পাওয়া টিম ব্রেসনানকে। দলে তাঁর স্থলাভিষিক্ত হবেন রায়ান সাইডবটম।