অপরাধ স্বীকার করে সাজাও পেয়ে গেছেন নিকোলাস আনেলকা। কিন্তু যাঁর বিরুদ্ধে বিষোদগার করে এত কিছু, সেই রেমন্ড ডমেনেখ কী বলেন? একটু বিব্রতকর অবস্থায় যে পড়ে গেছেন তিনিও! ডমেনেখকে অশ্লীল গালিগালাজ করার অভিযোগে আনেলকাকে বহিষ্কার করা হয়েছে। সবকিছু থেমে যাওয়ার পর কোচ ডমেনেখ বলছেন, আনেলকার সঙ্গে তাঁর কোনো গন্ডগোলই নাকি হয়নি! এমনকি তিনি আনেলকার এই আচরণের একটা ব্যাখ্যাও দাঁড় করানোর চেষ্টা করেছেন, ‘এটা মোটেও কোনো সংঘাত ছিল না। মানুষ আসলে অনুমানও করতে পারবে না যে খেলোয়াড়দের ওপর কেমন চাপ থাকে। ড্রেসিংরুমে কোচ কিছু একটা বলছে, খেলোয়াড়েরা জবাব দিচ্ছে—এ রকম হয়েই থাকে, বিশেষত খেলোয়াড়েরা এমনিতেই যখন চাপের মধ্যে থাকে। অবশ্যই সে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারে, কড়া কথাও বলতে পারে।’তাহলে কেন আনেলকার বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ নেওয়া হলো? কারণ আনেলকার প্রতিক্রিয়া শুধু কঠোরই নয়, রীতিমতো অশ্লীল। আর সেটা চলে এসেছে সংবাদমাধ্যমেও, ‘ওর প্রতিক্রিয়াটা মোটেও ভালো ছিল না। এক কোনায় বসে গজগজ করে কথাগুলো বলছিল। এটা ওখানেই থেমে যাওয়ার কথা। আসলে সমস্যাটা জট পাকিয়ে গেছে ঘটনাটা পত্রিকার প্রথম পাতায় চলে আসায়। এতে দলের ভেতরের সব ব্যাপার-স্যাপার প্রকাশ্যে চলে এসেছে।’ডমেনেখ বলছেন, তিনি সমস্যার সমাধান প্রায় করেই ফেলেছিলেন। এমনকি আনেলকার সঙ্গে আরেক দফা বৈঠকও হয়েছিল তাঁর, ‘আমি ভেতরে ভেতরে সমস্যার সমাধান করে ফেলেছিলাম। ঝামেলা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আমি পরে ওর সঙ্গে একবার কথাও বলেছি। পরদিন (শুক্রবার) আমি ওকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিয়েছিলাম। কিন্তু ও সুযোগটা নিল না।’ক্ষমা না চাওয়াতেই আনেলকাকে চূড়ান্ত শাস্তি পেতে হয়েছে এবং শাস্তিটা সঠিকই মনে করছেন ডমেনেখ। সেই সঙ্গে একটু লজ্জাও পাচ্ছেন, ‘ফরাসি এই দলটা যাদের প্রতিনিধিত্ব করে, সেসব শিশুর কাছে আমি ক্ষমা চাইছি। আনেলকার এসব কথা বলা মোটেও ঠিক হয়নি।’আর যা-ই হোক, ডমেনেখকে অন্তত খাঁটি ফরাসি মনে হচ্ছে। এএফপি।