দায় নিচ্ছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টালমাটাল লাটিমের মতো মনে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। লিগে গত ১০ বছরে সবচেয়ে বাজে শুরু। চার ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট। মাদ্রিদের কিছু কিছু পত্রপত্রিকা তো হোসে মরিনহোর মুণ্ডুপাতই করে ছাড়ছে। পর্তুগিজ কোচের সোজাসাপ্টা কথা বলার ধরন অনেকেরই পছন্দ নয়। কেউ কেউ বলছেন, মরিনহো খেলোয়াড়দের সমালোচনা করে তাঁদের মনে সংশয়ের জন্ম দিয়েছেন।দলের বাজে শুরুর দায় পুরোপুরি একার কাঁধেই নিচ্ছেন মরিনহো। তবে এই তত্ত্ব তিনি মানতে রাজি নন যে, তাঁর সমালোচনার কারণেই দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নড়ে গেছে, ‘আমি মনে করি না, আমি সংশয়ের সৃষ্টি করেছি। অবশ্যই যা হয়েছে, তার জন্য প্রধানত আমি দায়ী। দল যখন জেতে, আমরা সবাই একসঙ্গেই জিতি। কিন্তু দল হারলে আমি একাই হারি। সেভিয়ার কাছে ম্যাচ হারার আগে আমি সংবাদ সম্মেলনে যা বলেছি, সেই একই কথা খেলোয়াড়দেরও বলেছি। এ কারণে এটাকে সমালোচনা বলা যাবে না, এটাকে বলা যায় দোষী সাব্যস্তকরণ। ম্যাচের আগে আমি এটা তাদের বলেছি।’গত মৌসুমের সাফল্যে দলের অনেকেই বুঁদ হয়ে আছে বলেই মনে করেন রিয়াল কোচ, ‘ফুটবলের মোদ্দা ব্যাপারটাই হলো আজ এবং আগামীকাল। গতকালের কোনো স্থান নেই। অতীত সব সময়ই ইতিহাস। আমি আমার খেলোয়াড়দের সেরা পর্যায়ের জন্য উজ্জীবিত করতে পারিনি, তাদের মনোযোগ ঝালাই করতে পারিনি। এটা আমারই দোষ।’দলের বাজে শুরুর দায় জাতীয় দলের আন্তর্জাতিক সূচির ওপরই চাপিয়েছেন মরিনহো। কিছুদিন ধরেই ‘অগুরুত্বপূর্ণ’ এসব ম্যাচ নিয়ে তিনি ক্ষুব্ধ, ‘আন্তর্জাতিক সূচির কারণে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতি ব্যাহত হয়েছে। প্রথমত, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যারা খেলেছে, তাদের আলাদা করতে হয়েছে যারা খেলেনি তাদের সঙ্গে। আবার লিগ শুরুর কিছুদিনের মধ্যেই জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড় চলে গেছে তাদের ফেডারেশনের দাবি মেটাতে। এটা হাস্যকর।’এদিকে কোচ যখন সব দায় মাথায় পেতে নিচ্ছেন, তখন সেই ভারে কাঁধ দিতে এগিয়ে আসছেন স্যামি খেদিরা। দলের জার্মান এই মিডফিল্ডার বলছেন, দলের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে। সংবাদমাধ্যমে শিষ্যদের যে কড়া সমালোচনা করেছেন মরিনহো, সেটিও যুক্তিযুক্ত বলে মনে করেন খেদিরা। ওয়েবসাইট।