দায় নিলেন লিপ্পি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ড থেকেই ইতালির বিদায়ে কোচ মার্সেলো লিপ্পির কী বলার থাকতে পারে? যা-ই বলুন, দায়িত্ব তাঁকেই নিতে হচ্ছে এবং তিনি সব দায়দায়িত্ব নিয়েছেনও।‘আমি সব দায়িত্ব নিচ্ছি। কোনো অজুহাত দাঁড় করাব না। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে যখন কোনো দল খেলতে নামে, তখন যদি তাদের পা, মাথা ও হূদয় ভীতসন্ত্রস্ত থাকে এবং নিজেদের তুলে ধরতে না পারে, এর অর্থ কোচ তাদের ঠিকমতো তৈরি করতে পারেনি’—ম্যাচের পর বলেছেন লিপ্পি।আগেরবার বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার সময় যে কোচের মুখে ছিল ‘চ্যাম্পিয়ন কোচের’ হাসি, ইতালির ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশটিকে যিনি এনে দিয়েছিলেন চতুর্থ বিশ্বকাপ শিরোপা, সেই লিপ্পি কথাগুলো বলার সময় তাঁর হূদয়ে কতটা রক্তক্ষরণ হয়েছে, বুঝে নিন।কিন্তু ব্যর্থতার কাঁটার আঘাত সইতেই হবে। সেই কাঁটা নিয়ে হাজির ইতালির সংবাদমাধ্যম। কাল স্লোভাকিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্তব্ধ ইতালি শিবির, তখন একের পর এক ইতালির সংবাদমাধ্যম তুলোধুনো করে ছেড়েছে তাদের ফুটবল দলকে। প্রত্যেকেই বলেছে, এই বিদায় ইতালির প্রাপ্য।কিছু নমুনা দেখুন—‘প্রথম রাউন্ড থেকে লাথি খেয়ে বিদায়। হাস্যস্পদ এবং বিদ্রোহে জেরবার ফ্রান্সের মতোই এই বিদায়’—মন্তব্য করেছে কোরিরে দেল্লা সেরা ওয়েবসাইট। তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘কুর‌্যাসিত ইতালি। তিন গোল খেয়ে আমরা বাড়ি ফিরছি।’দৈনিক লা রিপাবলিকা বলেছে, ‘৫০ বছরের মধ্যে এটিই ইতালির সবচেয়ে বাজে দল, তবে সম্ভবত ইতালির ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বাজে। বিশ্বকাপ থেকে বিদায় তাদের প্রাপ্য। একটি স্বপ্নের মৃত্যু এবং একটি প্রজম্মেরও শেষ।’এই পরাজয়ে গ্রুপের সর্বনিম্ন স্থানটি বরাদ্দ থাকল ইতালির জন্য, যা ক্ষুব্ধ করে তুলেছে ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লোকে। তারা নিজস্ব ওয়েব সংস্করণের শিরোনামে বলেছে, ‘স্লোভাকিয়া লজ্জা দিয়েছে।’ইতালির সংবাদমাধ্যম এটিকে লজ্জা বলে যখন বর্ণনা করছে, তখন লজ্জাটা যাদের হাতে, তাদেরই একজন ম্যাচের সেরা খেলোয়াড় ভিতেক বলছেন, ‘এটা বিরাট এক সাফল্য। আগে এমন স্বপ্ন আমরা দেখিনি। আমি খুবই খুশি। এই সাফল্য পাওয়ার জন্য যা করার দরকার, সেটা আমরা করতে পেরেছি।’ এএফপি।