দায় নেই, তবু...
সোমবারের প্রথম আলো পড়ে জানলেন, বরিশাল বার্নার্স সেমিফাইনালে উঠে গেছে। পরদিন, অর্থাৎ গতকালের পত্রিকায় সেই সিদ্ধান্ত বদলে যাওয়ার খবর—বরিশাল বার্নার্স নয়, সেমিফাইনাল খেলবে চিটাগং কিংস। সকালে অন্য কোনো সূত্রে আগেই খবর না পেয়ে থাকলে প্রথম সেমিফাইনাল বড় একটা চমকই হয়ে এসেছে আপনার কাছে। দুরন্ত রাজশাহীর সঙ্গে খেলছে বরিশাল বার্নার্স!দুই দিনের পত্রিকায় দুই রকম খবর, পরদিন আবার অন্য ঘটনা—অনেক সাধনায় অর্জিত প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। সঙ্গে ক্ষোভ ও বিরক্তিও। প্রথম আলোতে ফোন করে সেই বিরক্তি অনেক পাঠক প্রকাশও করেছেন। আমরা শুধু একটা কথাই বলতে পারি, দায়টা আমাদের নয়। হ্যাঁ, দায় কিছুটা আছে; তা হলো বিপিএলের ‘প্রাজ্ঞ’ কর্তাব্যক্তিদের কথার ওপর নির্ভর করা। সাংবাদিকদের টুর্নামেন্টের বাইলজ দেওয়া হয়নি। আমাদের তাই তাঁদের ওপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না। দায়টা বিপিএলের অপেশাদার ব্যবস্থাপনার। তবু পাঠকদের অনিচ্ছাকৃত বিভ্রান্তিতে ফেলার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।—ক্রীড়া সম্পাদক