দায় স্বীকার করলেন ভিনসেন্ট

বিপিএলে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোর দায় স্বীকার করেছেন লু ভিনসেন্ট। তবে সঙ্গে এটাও বলেছেন, তাঁর দোষ শুধু এটুকুই। আর কোনো অন্যায় বা অন্যায্য কিছুর সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
আইসিসির দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী বাজিকরদের প্রস্তাবের কথা না জানানোও একটি অপরাধ। বিপিএল তদন্তে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল সেই অপরাধে দোষী সাব্যস্ত করেছে ভিনসেন্টকে। ২০১৩ বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে তিনি আটটি ম্যাচ খেলেছেন। কাল পাঠানো এক বিবৃতিতে সাবেক এই কিউই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ টি-টোয়েন্টি লিগে খেলার সময় একজন বুকির কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা প্রকাশ না করে আইসিসির নীতিমালা ভঙ্গ করেছি। তবে এটাও নিশ্চিত করছি যে প্রস্তাবটা ওই সময় আমি প্রত্যাখ্যান করেছিলাম। ওই প্রস্তাবটি পাওয়া ছাড়া আর কিছু তখন হয়নি। অন্য কোনো ম্যাচে বা বাংলাদেশের সাম্প্রতিক তদন্ত ও শুনানির বিষয়ের কোনো পক্ষের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না।’
বিপিএল ফিক্সিংয়ের বাইরে আইসিসির আরেকটি তদন্তেও এসেছে ভিনসেন্টের নাম, যেখানে তাঁর সঙ্গী সাবেক দুই কিউই সতীর্থ ড্যারিল টাফি ও ক্রিস কেয়ার্নস। ভিনসেন্ট ও টাফি আগেই জানিয়েছিলেন, আইসিসির তদন্তে সহযোগিতা করছেন তাঁরা। বিবৃতিতে এটাও উল্লেখ করেছেন ভিনসেন্ট, ‘আইসিসি যেসব তদন্ত করছে, সেসবেও আমি সহযোগিতা করে চলেছি। এ জন্যই আপাতত আর বাড়তি কোনো মন্তব্য করতে পারছি না।’ এএফপি।