দায়টা কি শুধু বান্ধবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে স্পেনের পরাজয়ের পেছনে রয়েছেন একজন নারী! ব্যাপারটা সবার কাছে বেশ অদ্ভুতই ঠেকতে পারে। কিন্তু আসল কথা হলো গোটা স্পেন জুড়ে ফুটবল ভক্তরা সুইজারল্যান্ডের কাছে হারার জন্য দায়ী করছে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কারবোনেরোকে। সারা পেশায় একজন টেলিভিশন সাংবাদিক। গোটা স্পেনে তিনি বেশ আকর্ষণীয় হিসেবে পরিচিত। স্পেনের প্রথম খেলার দিন তিনি মাঠে গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে টেলিভিশনের সরাসরি সম্প্রচারের একটি অনুষ্ঠান উপস্থাপন করছিলেন। ব্যাপারটি নিয়ে একদমই কথা উঠত না, যদি স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াসের ভুলে সমর্থকদের হূদয় ভেঙে দেওয়া গোলটি না হতো। কিন্তু এখন স্পেনের ট্যাবলয়েড পত্রিকাগুলোতে এ একই সংবাদ। তারা খেলা চলাকালীন স্পেনের গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে কারবোনেরোর ‘লাইভ’ অনুষ্ঠান উপস্থাপনাকে দেখছেন একটি ‘কেলেঙ্কারি’ হিসেবেই।স্পেনের পত্রিকাগুলো পুরো ব্যাপারটিকে এখন নারী-পুরুষের চিরন্তন দৈহিক আকর্ষণের দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের দাবি মাঠে বান্ধবী কারবোনেরোকে এত কাছে দেখতে পেয়ে খেলায় ক্যাসিয়াসের মনোযোগ একেবারেই ছিল না। তাই বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হয়েও সুইজারল্যান্ডের বিপক্ষে অমন ‘স্কুলবালক সুলভ’ গোল হজম করতে হয়েছে। ব্যাপারটি নিয়ে ‘জল ঘোলা’ হওয়ার আরেকটি বড় কারণ, স্পেন ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে কোনো প্রতিযোগিতা চলাকালে বান্ধবী এমনকি বিয়ে করা স্ত্রীরও দেখা-সাক্ষাতে বিধি নিষেধ রয়েছে।২৫ বছর বয়স্ক সারা কারবোনেরো, সম্প্রতি এক জরিপে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও আবেদনময়ী নারী সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছেন। ইকার ক্যাসিয়াসের সঙ্গে কারবোনেরোর সম্পর্কের শুরু গত বছর কনফেডারেশনস কাপের সময়। কারবোনেরো সাধারণত তাঁর কর্মস্থল চ্যানেল টেলিসিনোর পক্ষে মাঠ থেকেই বিভিন্ন খেলার সময় খেলোয়াড় ও অন্যান্য কর্তা-ব্যক্তিদের সাক্ষাত্কার নিয়ে থাকেন। এবার বিশ্বকাপের আগে যখন টেলিসিনো ঘোষণা দেন, কারবোনেরো স্পেনের খেলাগুলোর সময় মাঠ থেকে সরাসরি খেলোয়াড়দের সাক্ষাত্কার দর্শকদের সামনে তুলে ধরবেনন—তখনই স্পেন জুড়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। সবাই আলোচনা শুরু করেন, যেখানে স্প্যানিশ দলের খেলোয়াড়দের বান্ধবী ও স্ত্রীদের দেখা করা নিষিদ্ধ, সেখানে কারবোনেরো কীভাবে স্পেনের খেলাগুলোর সময় মাঠে থাকবেন? ক্যাসিয়াসের সঙ্গে না তাঁর হূদয়ঘটিত ব্যাপার-স্যাপার!তবে যাঁকে নিয়ে এত আলোচনা সেই কারবোনেরো অবশ্য তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উড়িয়েই দিচ্ছেন। তিনি বলেছেন, ‘অনেকে বলছেন ক্যাসিয়াসকে আমি মাঠে অমনোযোগী করেছি, এটা কীভাবে সম্ভব?’ ক্যাসিয়াস বলেছেন, ‘আমি কী বলব ভেবে পাচ্ছি না। এমন পরাজয়ের পর আমি কেবল স্পেনের ড্রেসিংরুমের অবস্থারই বর্ণনা করতে পারি।’খেলার সময় গোলপোস্টের ঠিক পেছনে বান্ধবীর উপস্থিতির কারণে নিজের মনোসংযোগে কোনো ব্যাঘাত ঘটেছে কি না এমন কোনো কিছু মেনে নিতেই রাজি নন ক্যাসিয়াস। তিনি কেবল বলেছেন, ‘আপেক্ষা করুন, সবকিছু তো শেষ হয়ে যায়নি।’