দায়িত্ব ছাড়বেন না স্কলারি

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক টুকরা কাগজ নিয়ে এসেছিলেন লুইস ফেলিপে স্কলারি। কাগজে বড় বড় করে লেখা ব্রাজিল কোচ হিসেবে তাঁর রেকর্ড।জানতেন সংবাদ সম্মেলনে চাকরি নিয়ে প্রশ্ন উঠবে। আত্মরক্ষার বর্ম তাই নিয়ে এসেছিলেন হাতে। কিন্তু যে ঝড়ে ব্রাজিল ফুটবলের ভিতই নড়বড়ে হয়ে গেছে, সামান্য বর্ম কি আর তা রক্ষা করতে পারে?
প্রশ্ন তাই থামেনি।বরং আরও উচ্চকিত হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হারার পর। পরশু ম্যাচজুড়েই গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছে ফেলিপাওকে। সংবাদমাধ্যমের তোপ তো আছেই। তবে প্রবল এই ঝড়েও অটল স্কলারি। দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছে নেই। তাঁকে রাখা না-রাখার দায়িত্ব চাপিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনস (সিবিএফ) প্রধানের ওপর। দেশের মাটিতে বিশ্বকাপে দল চরম হতাশ করলেও ব্রাজিলের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বলই দেখছেন স্কলারি। হয়তো ইঙ্গিত দিলেন এই ভবিষ্যতের অংশ হয়ে থেকে যাওয়ার!
সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মিলিয়ে ১০ গোল হজম করেছে ব্রাজিল। ১৯৪০ সালের পর দেশের মাটিতে প্রথমবার হেরেছে টানা দুই ম্যাচ। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে আবার। স্কলারি সেই আলোচনায় খুব একটা আগ্রহ পেলেন না, ‘এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। আমি আমার রিপোর্ট লিখে সিবিএফ প্রেসিডেন্টকে দেব, জানাব কোথায় কী গলদ ছিল। ভবিষ্যৎ নির্ধারণ করবেন তিনিই। আরও একটা ম্যাচ আমরা হেরেছি, কিন্তু জীবন তো থেমে নেই!’
এদিন হাতে রেকর্ড লেখা কোনো কাগজ ছিল না। কিন্তু নিজের সমৃদ্ধ প্রোফাইল মনে করিয়ে দিয়েছেন ঠিকই, ‘তিনটি বিশ্বকাপে আমি কোচ হিসেবে গিয়েছি—ব্রাজিলের হয়ে দুবার, একবার পর্তুগাল। তিনবারই আমার দল সেরা চারে ছিল। একবার চ্যাম্পিয়ন হয়েছি। এই তো, বছর খানেক আগেও কনফেডারেশনস কাপ জিতেছি আমি। এখন নির্দিষ্ট একটা মুহূর্তে বা সময়ে একটা দল আরেক দলের চেয়ে ভালো করতেই পারে। গত দেড় বছরে যদি পেছন ফিরে তাকাই, আমার কোচিংয়ে ব্রাজিল একটি বড় টুর্নামেন্ট জিতেছে, আরেকটিতে সেরা চারে। খারাপ তো নয়!’
দলের এই বিপর্যয়ে বিস্ময়করভাবে নিজের দায় খুব একটা দেখছেন না স্কলারি, ‘কোচের এখানে কিছুই করার নেই। ব্যাপারটা হলো, আমাদের দলটা খুবই তরুণ। আমরা যথেষ্ট ভালো মানের ফুটবলারও বের করতে পারছি না এখন। তো আরেকজন কোচ এসেই যে রাতারাতি সব বদলে দেবেন, এমন ভাবার মানে নেই।’
মানে ইঙ্গিতটা পরিষ্কার। কোচ পাল্টে লাভ হবে না। স্কলারি থাকতে চান দায়িত্বে। ভবিষ্যৎ সম্ভাবনার আলো ছড়িয়ে যেন সেই ভরসাটাই দিতে চাইলেন, ‘যা হয়ে গেছে, সেটা নিয়ে হা-হুতাশ করে লাভ নেই। আক্ষেপ করে সেসব তো আর পাল্টানো যাবে না! ইতিবাচক দিকটা দেখতে হবে। ব্রাজিলের এই প্রজন্মের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গেল, গেল রব উঠলেও আমরা তো বিশ্বের সেরা চার দলের একটি! যেভাবে এগিয়ে যাচ্ছি, সেটাই ধরে রাখতে হবে আমাদের। দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’
প্রশ্নটা সেখানেই। স্কলারি কি পারবেন এই ব্রাজিলকে সামনে এগিয়ে নিতে? এএফপি, রয়টার্স, ফিফাডটকম, গোলডটকম, ইয়াহু স্পোর্টস, ইএসপিএন, বিবিসি।