দায়িত্ব ছাড়লেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের ক্রিকেট থেকেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের পদ ছেড়ে দিলেন শেন ওয়াটসন। মাইকেল ক্লার্কের সহকারী হিসেবে ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটা সময় কাটানোর পর কালই নিয়েছেন এই সিদ্ধান্ত। ফর্ম ফিরে পেতে সংগ্রাম করে যাওয়া ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার নিজের ক্যারিয়ারের স্বার্থেই নিয়েছেন এই সিদ্ধান্ত। রয়টার্স, ওয়েবসাইট।গত ভারত সফরটা বেশ বাজে গেছে ওয়াটসনের। তিন টেস্টে ১৬.৫০ গড়ে মাত্র ৯৯ রান করেছিলেন। মাঠের পারফরম্যান্স তো বটেই, শৃঙ্খলাজনিত কারণেও ওই সফরে শিরোনাম হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভাঙার দায়ে তিন সতীর্থের সঙ্গে বাদ পড়েছিলেন তৃতীয় টেস্টের দল থেকেও। যদিও ক্লার্কের অনুপস্থিতিতে শেষ টেস্টে অধিনায়ক ছিলেন ওয়াটসনই। ধারণা করা হয়, ওয়াটসন নিজে থেকেই পদটা না ছাড়লে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিক থেকেই আসত সিদ্ধান্তটা। ওয়াটসনের সরে দাঁড়ানোর খবরটা কাল জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াই। এখন আগামী জুনের চ্যাম্পিয়নস ট্রফি ও এরপরের পিঠোপিঠি অ্যাশেজ সিরিজের জন্য ক্লার্কের নতুন সহকারী খুঁজতে হচ্ছে তাদের।২০১০ সালে সর্বশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া ওয়াটসন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ২০১১ সাল থেকে। এর পর থেকে টেস্টে ২৪.১১ গড়ে করেছেন মাত্র ৬২৭ রান। অধিনায়কের সহকারী হওয়াটাকে বিশাল বোঝা মনে করছিলেন ওয়াটসন, ‘আমি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা শেষ হওয়ার পর থেকেই এটা নিয়ে ভাবছিলাম। আমি মনে করি, দল ও আমার দুই পক্ষের জন্যই পরিবর্তনের এটাই সঠিক সময়। এই সিদ্ধান্ত নিতে আমাকে অনেকটা সময় লড়তে হয়েছে (নিজের সঙ্গে)। মন ঠিক করে ফেলার পরই আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছি।’অধিনায়ক নয়, ওয়াটসন হতে চান অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ক্রিকেটার, ফিরে পেতে চান নিজেকে, ‘আমি মনে করি, সহ-অধিনায়কত্ব ছেড়ে এখন মনোযোগ দিতে পারব রান করতে, উইকেট নিতে ও দলকে সাফল্য এনে দিতে যা যা করা দরকার তার দিকে। আমি শুধু পদাধিকারী সহ-অধিনায়ক হতে পারি না। আমি এখনো নেতা হতে পারি ও দলে ভালো অবদান রাখতে পারি।’