দায়িত্ব নিয়েই ‘সতর্ক’ লরেন্ত ব্লঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে দুর্বল পারফরম্যান্স, অন্যদিকে কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব। সবমিলিয়ে এবারের বিশ্বকাপটা ফ্রান্সের জন্য ছিল ভয়াবহ। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়াও পর ফরাসি ফুটবলকে যেতে হচ্ছে ব্যাপক ঝড়-ঝাপটার মধ্য দিয়ে। দলের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে সরে যেতে হয়েছে দীর্ঘদিনের কোচ রেমন্ড ডমেনেখকে। তাঁর জায়গায় ইতিমধ্যেই নিয়োড় পেয়ে গেছেন আটানব্বইয়ের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য লরেন্ত ব্লঁ। এসেই জানিয়ে দিয়েছেন কোনো বিতর্ককে সঙ্গী করতে চাননা তিনি।দেশের ফুটবলের এই ক্রান্তিলগ্নে দায়িত্ব নেওয়া কোচের ভূমিকা কী হবে এ নিয়ে ফ্রান্সজুড়ে বিস্তর আলোচনা। অনেকেই দাবি জানিয়েছেন, বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ, বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করানোর। লরেন্ত ব্লঁ সাফ জানিয়ে দিয়েছেন, কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। তবে, বিশ্বকাপে খেলোয়াড়দের কিছু আচরণে বেশ দুঃখ পেয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নতুন এই কোচ বলছেন, ‘কয়েকটি ঘটনা বেশ কষ্টের সঙ্গে প্রত্যক্ষ করেছি আমি। কিছু ব্যবহারে কষ্ট পেয়েছি। তবে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার নয়।’দলে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করা হচ্ছে অধিনায়ক প্যাট্রিক ইভরা, প্লেমেকার ফ্র্যাঙ্ক রিবেরি ও এরিক আবিদালকে। এই তিন জনকে দলে রাখা হবে কি না সে প্রশ্নে লরেন্ত ব্লঁ বলছেন, ‘যদি মনে হয় যে তারা ভালো খেলছে তাহলে রাখবো। বিশ্বকাপের দলটির মধ্যে কাউকে যদি মনে হয় সে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেননি, তাহলে বাদ পড়তে হবে তাঁকে।’ কথা-বার্তায় বেশ কূটনৈতিক ফ্রান্সের এই নতুন কোচ আসলেই কী ভাবছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১১ আগস্ট নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার আগ পর্যন্ত।