দায়িত্ব নেওয়ার আগেই কমিটি থেকে পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশন মানেই রঙ্গ। নতুন নতুন নাটক এখানে প্রায়ই মঞ্চায়িত হয়। সর্বশেষ উদাহরণ—নতুন কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ শুরু!সদ্য ঘোষিত কমিটির দ্বিতীয় যুগ্ম সম্পাদক আলমগীর কবির ও সদস্য আবদুর রশিদ কাল ফেডারেশন সভাপতিকে চিঠি দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কমিটিতে থাকতে অপারগতা জানিয়েছেন। একইভাবে আরও ৭-৮ জন তাঁদের অনুসরণ করবেন বলে হকি অঙ্গনে জোরালো আলোচনা। পদত্যাগের ব্যাপারে আলমগীর কবির জানিয়েছেন, ‘সমঝোতার ভিত্তিতে কমিটি করার কথা থাকলেও তা হয়নি। সিনিয়রদের অবমূল্যায়ন করা হয়েছে। আমি আগে যুগ্ম সম্পাদক থাকায় এবার এক নম্বর যুগ্ম সম্পাদক হওয়ার কথা। অথচ ইউসুফ ভাইকে প্রথমবারেই সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে। তাই আমার ক্লাব মেরিনার্স আমাকে পদত্যাগ করতে বলেছে।’পদত্যাগী উষার কর্মকর্তা আবদুর রশিদের কথা, ‘কমিটির সহসভাপতি আহসান কবির, সদস্য জসিমউদ্দিন, কামরুল ইসলাম, কামরুল-উল-রশিদকে আমরা চিনি না। শুনেছি, জসিমউদ্দিন শিল্পপতি। আমরা এই কমিটির পুনর্গঠন চাই। সহসভাপতির তালিকায় চার নম্বরে থাকা সাদেক ভাইসহ অন্য সিনিয়রদের যোগ্য মর্যাদা দিতে হবে। সেই দাবিতেই পদত্যাগ করেছি।’নতুন কমিটি কোথায় মৃতপ্রায় হকি জাগিয়ে তুলতে কাজ করবে, উল্টো সেটির ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়ল! এই পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে যোগাযোগ করে জানা গেছে, ফেডারেশন যদি নতুন কমিটির পুনর্গঠন চায় তাহলে ব্যাপারটা ভেবে দেখা হবে। এদিকে নতুন কমিটির ২৫ জনের মধ্যে কাল শামসুল বারীসহ ১২-১৩ জন ফেডারেশনে গিয়েছেন প্রথমবার। আলাপ-আলোচনা আর কী করবেন, কমিটি নিয়ে ক্ষোভ সামলানোই এখন তাদের বড় কাজ!শামসুল বারী বলেছেন, ‘শুনেছি, এনএসসি বলেছে, আরও পাঁচজন নেওয়া যাবে। একই সঙ্গে নামের ক্রম ঠিক করা হবে। চট্টগ্রাম, রাজশাহীর প্রতিনিধিত্ব রাখার সুপারিশসহ প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য সুপারিশ গেছে ফেডারেশন সভাপতির কাছে। এটা খুবই হতাশার, এত কিছুর পরও একটা ভালো এবং গ্রহণযোগ্য কমিটি করা গেল না।’