দিগ্বিজয়ী জাকুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ীরা উল্লাসে মেতে উঠবেন, পরাজিতরা নিচু করে ফেলবেন মাথা। শেষ হয়ে যাবে বিশ্বকাপ। মেলা ভাঙার কষ্ট তো একটা থাকবেই। কিন্তু ‘তিনি’ একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলবেন। দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে একটু বিশ্রাম পেতে যাচ্ছেন ভদ্রলোক। কে তিনি? সেপ ব্ল্যাটার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মিশেল প্লাতিনি বা ড্যানি জর্ডান নন; দারুণ খাটুনির পর অবশেষে ছুটি কাটানোর সুযোগ আসছে জাকুমির। হ্যাঁ, এবার বিশ্বকাপের মাসকট জাকুমি। জাকুমি মানুষ না, এমনকি সত্যিকারের চিতাবাঘও না। তাই বলে জাকুমিকে আবার ‘অবাস্তব’ মনে করার কোনো সুযোগও নেই! অনেক ভেবে-চিন্তে জাকুমির নাম রাখা হয়েছে। আফ্রিকান ‘জা’ শব্দ দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বোঝানো হয়। আর আফ্রিকাজুড়ে প্রচলিত অনেক ভাষাতেই ‘কুমি’ অর্থ ‘দশ’: সব মিলিয়ে এই দুষ্টু চিতাবাঘের নাম দিয়ে দক্ষিণ আফ্রিকার ২০১০ বিশ্বকাপকে বোঝানো হলো। জাকুমিকে রক্তমাংসের প্রাণীতে পরিণত করে তোলার চেষ্টা এখানেই শেষ না। রীতিমতো ঘটা করে গত ১৬ জুন তার জন্মদিন পালন করা হয়েছে। ১৯৭৬ সালে সোয়েটোতে ছাত্র আন্দোলনের স্মরণে এই দিনটিকে আফ্রিকায় এমনিতে ‘যুব দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্বকাপ চলা অবস্থায় সোয়েটোর এক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সঙ্গে ‘১৬তম জন্মদিন’ পালন করল জাকুমি। জাকুমির বাস্তব অস্তিত্ব তৈরি করার জন্য তার স্বভাব, চরিত্রের বর্ণনাও তৈরি করেছে ফিফা। জাকুমি সম্পর্কে দক্ষিণ আফ্রিকান ফুটবলের ‘আইকন’ লুকাস রাডেবে বলছেন, ‘ও সমর্থকদের দারুণ মেজাজে নিয়ে আসতে চায়। ২০১০ বিশ্বকাপের উত্তেজনাটা বাড়িয়ে দেওয়াই ওর উদ্দেশ্য।’জাকুমি সম্পর্কে আরও তথ্য—সে খুবই আমুদে, অভিযানপ্রিয়, হইচই করতে পছন্দ করে, ছোটদের কাছে পেলে একটু চালাক হয়ে ওঠে, লোকজনের সঙ্গে খুনসুটি করতে পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে ঘুরে বেড়াতে। ঘুরে বেড়ানোয় যদি মজা পেয়ে থাকে, তাহলে সেই মজাটা শুরু হয়েছে তার ২০০৮ সালে। তখন থেকেই বিশ্বভ্রমণ শুরু করতে হয়েছে তাকে। ফিফার বিশ্বকাপ ‘ট্রফি ট্যুরে’র অংশ হিসেবে ছয়টি মহাদেশের ৫৪টি দেশ ভ্রমণ করতে হয়েছে। এ তো গেল বিশ্বকাপের আগের কথা। বিশ্বকাপের সময় আবার প্রতিটি ম্যাচে দর্শকদের সঙ্গে পরিচিত হতে হয়েছে, টুকটাক পারফরম্যান্স করতেও হয়েছে তাকে। জাকুমির স্বভাবদোষই হলো, পারফরম্যান্স করতে করতে হঠাৎ সব ভুলে ঘুমিয়ে পড়া। ইদানীং সে নাকি একটু বেশি বেশি ঘুমিয়ে পড়ছে। ক্লান্তিতে নাকি?সমস্যা নেই। আর তো কয়েকটা ঘণ্টা। তারপর আর কেউ জ্বালাবে না জাকুমিকে। দিব্যি বনে-জঙ্গলে ঘুরেফিরে বেড়াতে পারবে সে। আসুন প্রার্থনা করি, জাকুমি যেন এই পৃথিবীর সমপরিমাণ সময় পর্যন্ত এই তারুণ্য নিয়ে আফ্রিকা মাতিয়ে বেড়ায়! ওয়েবসাইট।