দিন-রাতের টেস্ট নয়, চিয়ারগার্লের পক্ষে কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব দিন-রাতের টেস্ট ম্যাচের বিপক্ষে তাঁর মত ব্যক্ত করেছেন। তবে টেস্ট ক্রিকেটে চিয়ারগার্লের ব্যবহার দর্শক আকর্ষণে কাজে লাগতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে কপিল বলেন, ‘সাদা পোশাকে ক্রিকেটের একটা আলাদা সৌন্দর্য আছে। আমার মনে হয় না দিন-রাতের ক্রিকেট কোনো নতুন আকর্ষণ তৈরি করতে পারবে।’তবে, ভারতের এই ক্রিকেট কিংবদন্তি টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর জন্য ম্যাচের সময় চিয়ারগার্ল বিনোদনের পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, টেস্ট ম্যাচের বিভিন্ন বিরতিতে চিয়ারগার্লরা দর্শককে আনন্দ দিতে পারে; এমনকি কোনো সংগীতশিল্পী বা অভিনয়শিল্পী দর্শককে বাড়তি আনন্দ দিতে পারে। এতে টেস্ট ম্যাচ দেখতে মাঠে আসতে দর্শক আগ্রহী হয়ে উঠবে।কপিল বলেন, অতিরিক্ত বিপণনের কারণে টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিভিশন চ্যানেলগুলো যদি কেবল টি-টোয়েন্টি ক্রিকেট দেখাতেই উত্সাহী হয়, তাহলে তরুণেরা এই ফরম্যাটকেই বেছে নেবে।