ওয়েলিংটনের বেসিনে রিজার্ভে বাতাস সব সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা দেয়। এ তীব্র বাতাসের মধ্যেই পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক ও অভিজ্ঞ ইউনুস খানের ১৪২ রানের জুটি পাকিস্তানকে নিউজিল্যান্ডের চেয়ে ২০ রান এগিয়ে দিয়েছে। তবে দিনের শেষে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে পাঁচ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে নয় রান তুলে নিয়ে এই লিডকে কমিয়ে নিয়ে এসেছে ১১ রানে।মিসবাহ-উল হকের ব্যাট থেকে এসেছে অনন্য ৯৯ রান। নার্ভাস নাইনটি নাইনে ক্রিস মার্টিনের বলে এলবিডব্লিউয়ের শিকার না হলে অধিনায়কই হয়তো পাকিস্তানের ইনিংসকে নিয়ে যেতে পারতেন আরও কিছু দূর। এর পাশাপাশি আজহার আলীর ৬৭ ও ইউনুস খানের ৭৩ অনেক দিন পর পাকিস্তানের ব্যাটিংকে খুবই মজবুত দেখিয়েছে। তৃতীয় দিনে মিসবাহ আর ইউনুসের জুটিটি ভাঙার পর পাকিস্তানের ব্যাটিং ফিরে গেল আবার আগের দশায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংসের শেষ হয় ৩৭৬ রানে।তৃতীয় দিনের সকালে মেঘলা আবহাওয়ায় ক্রিস মার্টিনের নেতৃত্বেই কিউই বোলাররা সুইং বোলিংয়ের সুন্দর প্রদর্শনী দেখায়। মার্টিনের বোলিংয়ে সবচেয়ে দুরবস্থার মধ্যে ছিলেন আজহার আলী। এর একটি বল তাঁর কনুইয়ে আঘাত করে দ্রুতগতিতে। আজহারকে করা মার্টিনের এর পরের ১০টি বলের মধ্যে পাঁচটি ছিল একেবারে ফুল লেংথের। প্রতিটি বলই আজহারকে সুইং করে বিব্রত করেছে। আরেকটি আউট সুইঙ্গারে আজহার ধরা পড়েছেন স্লিপে।মেঘলা আকাশ ভেদ করে সূর্য উঁকি মারার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের বোলিং ভোঁতা হতে থাকে। এ সময়টা পুরোটাই ছিল মিসবাহ আর ইউনুস খানের। এ সময়ে নিউজিল্যান্ডের পেসারদের বেশ কয়েকটি ড্রাইভে সীমানার বাইরে পাঠান তাঁরা। ড্যানিয়েল ভেট্টোরি বল হাতে তুলে নেওয়ার পরেও মিসবাহ ও ইউনুস তাঁকে সমান আধিপত্যের সঙ্গে মোকাবিলা করতে থাকেন। দীর্ঘক্ষণ স্লো বোলাররা বল করার পর নতুন বল হাতে নেওয়ার পর অবশ্য নিউজিল্যান্ডের পেসারদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু নতুন বলের সেশন দারুণভাবে অপচয় করেন তাঁরা। ভেট্টোরি আবার বল হাতে নিয়ে ১৪২ রানের জুটিটি ভাঙেন। তাঁর বলে ইউনুস খান ধরা পড়ের জেসি রাইডারের হাতে। এর পরে আবার জ্বলে ওঠেন ক্রিস মার্টিন। তিনি একে একে আউট করেন আবদুর রহমান ও উমর গুলকে। ভেট্টোরি আউট করেন আসাদ শফিক ও আদনান আকমলকে। এর পরে সাউদি রস টেইলরের সহায়তায় তানভীর আহমেদকে আউট করলে পাকিস্তানের ইনিংস থামে নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ২০ রান এগিয়ে থেকে।দিনের একেবারে শেষ লগ্নে পাঁচ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। নয় রান তুলতেই স্ট্যাম্প থেকে বেল তুলে নেন আম্পায়রদ্বয়। ব্র্যান্ডন ম্যাককালাম ছয় ও গাপটিল এক রানে অপরাজিত রয়েছেন। দিন শেষে পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১১ রানের। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ৩৫৬ (প্রথম ইনিংস)ভেট্টোরি ১১০, ইয়ং ৫৭, রস টেইলর ৭৮উমর গুল ৪/৮৭, তানভীর আহমেদ ৩/৯৩পাকিস্তান ৩৭৬ (প্রথম ইনিংস)মিসবাহ-উল হক ৯৯, ইউনুস খান ৭৮, আজহার আলী ৬৭ক্রিস মার্টিন ৪/৯১, ভেট্টোরি ৪/১০০নিউজিল্যান্ড ৯/০** (৫ ওভার)(তৃতীয় দিন শেষে পাকিস্তান ১১ রানে এগিয়ে)তথ্যসূত্র: রয়টার্স