দিনের শুরু ও শেষের মধ্যে কী বিশাল ব্যবধান! কোনো উইকেট না হারিয়েই কাল মোহালিতে সকালের সেশনে ১০৯ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল, দুঃস্বপ্নের ভারত সফরে শেষ পর্যন্ত বোধ হয় গা ঝাড়া দিয়ে উঠল অস্ট্রেলীয়রা। ভারতীয় স্পিনের বিপক্ষে বেশ সাবলীল ছিলেন এড কাওয়ান ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে আসে ১৩৯ রান। লাঞ্চের পর ওই রানেই পরপর দুই বলে ওয়ার্নার ও তিনে উঠে আসা মাইকেল ক্লার্ককে ফিরিয়ে খেলার গতিপথ পাল্টে দেন রবীন্দ্র জাদেজা। ১২ রান পর ফিলিপ হিউজেরও বিদায়। ব্যাকফুটে চলে যাওয়া সফরকারীরা শেষ সেশনে হারাল আরও ৪ উইকেট। ৭ উইকেটে ২৭৩, শেষ পর্যন্ত দিনটা ভারতকেই দিয়ে দিল অস্ট্রেলিয়া।বৃষ্টি খেয়ে নিয়েছিল তৃতীয় টেস্টের প্রথম দিনের পুরোটাই। কাল তাই খেলা শুরু হয়েছে আধা ঘণ্টা আগে। টস জিতে ব্যাটিং, মাইকেল ক্লার্কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার মতোই ব্যাট করছিলেন ওপেনাররা। স্পিন-জুজুকে উড়িয়ে দিয়ে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটিটাই গড়েছেন ওয়ার্নার ও কাওয়ান। আগের রেকর্ডটি ছিল ১৩৬ রানের, ২০০৪ সালে চেন্নাইতে তা গড়েছিলেন ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার। ৪৯ রানে স্লিপে ক্যাচ দিয়েও কোহলির নির্লিপ্ততায় বেঁচে যাওয়া ওয়ার্নার আউট হওয়ার আগে পেয়েছেন দেশের বাইরে নিজের সর্বোচ্চ টেস্ট স্কোর (৭১)। দেশের বাইরে সর্বোচ্চ স্কোর পেয়েছেন কাওয়ানও (৮৬)। কোহলির হাতে দুবার (৩৫ ও ৬৪) ও পূজারার হাতে একবার (৮৫) বেঁচে যাওয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত আউট হয়েছেন কোহলির হাতে ক্যাচ তুলেই (৪/১৯৮)।স্টিভেন স্মিথ ও দেশ থেকে উড়ে আসা ব্র্যাড হাডিন যখন আবারও পথের দিশা দেখাচ্ছিলেন, তখনই জোড়া আঘাত ইশান্ত শর্মার। পঞ্চম উইকেটে ৪৬ রান ওঠার পর তিন বলের ব্যবধানে হাডিন ও হেনরিকেসকে দারুণ দুটি বলে বোল্ড করেন ৫০তম টেস্ট খেলতে নামা ইশান্ত। তবে এক প্রান্তে এখনো অবিচল স্মিথ। মিচেল স্টার্ককে নিয়ে কাটিয়ে দিয়েছেন দিনের বাকিটা সময়। কাল খেলা হয়েছে ১০৪ ওভার।ভারত কাল দল সাজিয়েছে দুটি পরিবর্তন এনে। শিখর ধাওয়ানের অভিষেক হচ্ছে এটা জানাই ছিল। কোপ পড়েছে হরভজন সিংয়ের ওপরও। বদলি হিসেবে দলে এসেছেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ওয়েবসাইট ও স্টার ক্রিকেট।