কুর্মিটোলা গলফ কোর্স যাঁদের খুব চেনা সেই গলফারদের কেউই প্রথম দিনটি নিজেদের করতে পারেননি
দিনটা নিজেদের হলো না
দিনের আলো ততক্ষণে কমতে শুরু করেছে। টি-অফের পেছনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট ডিরেক্টর ফ্রিৎজ কাতজেনগ্রাবার। হাতে ওয়াকিটকি। অন্য প্রান্তে কাউকে বলছিলেন, ‘ভাগ্য ভালো থাকলে আর সর্বোচ্চ ১০ মিনিট খেলা চালাতে পারবে।’ খানিক পরই দিনের খেলা শেষ করার ঘোষণা দেন ভদ্রলোক। তখনো ৩০ গলফারেরই কয়েক হোলের খেলা বাকি। আজ সকাল ৬টা ২৫ মিনিটে সেখান থেকেই শুরু করতে হবে তাঁদের।
খেলা অসমাপ্ত রেখে ফিরে আসায় হতাশ দেখাচ্ছিল দুলাল হোসেনকে। ১২ হোল শেষে পারের সমান আছেন তিনি। দিন শেষে ৩১ জন বাংলাদেশি গলফারের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে দুলাল (যুগ্মভাবে বিশে)।
কুর্মিটোলা গলফ কোর্স যাঁদের খুব চেনা সেই গলফারদের কেউই প্রথম দিনটি নিজেদের করতে পারেননি। সিদ্দিকুর রহমান পারের চেয়ে এক শট বেশি খেলে ৩৩তম। অ্যামেচার থেকে প্রথম পেশাদারে পা দেওয়া দিল মোহাম্মদ এবং উদীয়মান গলফার সজীব আলীও খেলেছেন পারের চেয়ে এক শট বেশি। যুগ্মভাবে তাঁরাও ৩৩তম। জামাল হোসেন খেলেছেন দুই শট বেশি। তিন শট বেশি খেলেছেন জাকিরুজ্জামান ও মিলন আহমেদ।
প্রথম দিন প্রত্যাশামতো খেলতে না পারার পেছনে বৃষ্টিকেই দুষলেন সবাই। তবে ৭২ হোল থেকে একটি হোল কমিয়ে দেওয়ার কারণেও অনেকে চাপে পড়েছেন। আগে যেখানে তিন নম্বর হোলটি পার ফাইভ ছিল, সেটা কমিয়ে চারে আনা হয়েছে। এ ছাড়া চার নম্বর হোলের ডান দিকে শর্টকাট মারতেন গলফাররা। কিন্তু সেখানে ওভার বাউন্ডারি (ওভি) দেওয়া হয়েছে। এই দুটি হোলে গিয়ে দেশি গলফাররা নিখুঁত মারতে পারছেন না।
দুলালও মানছেন এই দুর্বলতার কথা, ‘এই কোর্সটা আমাদের চেনা। কিন্তু এখানে দুটি হোল বদলানোয় সবার মনে ভয় ঢুকে গেছে। ওখানে গেলেই অনেকেই বেশি স্ট্রোক মারছেন।’ তবে এখনো খেলার তিন রাউন্ড বাকি, এটাই আশাবাদী করছে দুলালকে, ‘এই কোর্সে যেকোনো পরিস্থিতিতে পারের চেয়ে ৬-৭ স্ট্রোক কম খেলার অভিজ্ঞতা আছে আমাদের।’
বৃষ্টিতে কাল দুই দফা খেলা বন্ধ ছিল। এটাও বাংলাদেশিদের বাজে খেলার অন্যতম কারণ বলে মানছেন নাজিম উদ্দিন, ‘দুই মাস ধরে আমরা অনুশীলনের সময়েও এমন বিরূপ আবহাওয়ার মুখোমুখি হইনি। হঠাৎ আসা বৃষ্টিতে সবার মনঃসংযোগে বিঘ্ন ঘটেছে। বৃষ্টির মধ্যে ছাতা ধরে হলেও খেলার অনুশীলন করা উচিত ছিল।’
দিল মোহাম্মদ শুরুর দিকে আশার আলোই দেখাচ্ছিলেন। ১৫ হোল পর্যন্ত ছিলেন পারের চেয়ে এক শট কমে। কিন্তু পরের তিনটিতে বগি করেছেন দুটি। একটিতে পারের সমান খেলেছেন। দিন শেষে তবু সন্তুষ্ট এই গলফার, ‘মন খারাপ হয়নি আমার। শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু শেষ দুই হোলে পাটিং খারাপ হয়েছে। এত বড় আসরে আগে খেলিনি তো তাই একটু নার্ভাস ছিলাম।’